প্রতি দিন লিপস্টিক লাগিয়ে তবেই বাড়ি থেকে বেরোন? গাঢ় রঙের লিপস্টিক ছাড়া মন ভরে না? তা সে গাঢ় হোক বা হালকা, রোজ যদি লিপস্টিক ব্যবহার করেন, তা হলে কিছু নিয়ম মানতেই হবে। না হলে ঠোঁটে কালচে দাগছোপ তো পড়বেই, লিপস্টিকের রাসায়নিক ঠোঁটের ত্বকেরও ক্ষতি করবে। নিয়মিত লিপস্টিক লাগিয়েও ঠোঁট ভাল রাখার কৌশল শেখালেন অভিনেত্রী সোনম কপূর।
অভিনয় আর শুটের জন্য প্রায় রোজই লিপস্টিক পরতে হয় অভিনেত্রী সোনমকে। তবে ঠোঁট বাঁচানোর জন্য লিপস্টিক পরার আগে একটি টোটকা মেনে চলেন তিনি। লিপস্টিক পরার আগে ঠোঁটে বুলিয়ে নেন খানিকটা নারকেল তেল। তার উপর পরেন লিপস্টিক। অভিনেত্রীর মতে, এ ভাবে লিপস্টিক পরলে ঠোঁট ফাটার সমস্যা কমবে, ঠোঁটে কালচে দাগও হবে না।
আর কী ভাবে নেবেন ঠোঁটের যত্ন?
১) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে কোনও মাস্ক ব্যবহার করুন। সাধারণত মুখ কিংবা চুলে অনেক ধরনের মাস্ক লাগানো হয়। কিন্তু ঠোঁটের বেলায় খানিকটা অবহেলা হয়। তা না করে ঠোঁটে ঘরে তৈরি কোনও মাস্ক লাগান। ঠোঁটের বাম লাগালে চলবে না। এমন কিছু লাগাতে হবে, যা তার চেয়েও বেশি আর্দ্র রাখবে ঠোঁট। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগানো এ ক্ষেত্রে বেশ কার্যকর হতে পারে।
২) স্নানের সময়ে স্ক্রাব ব্যবহার করুন। চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তাতে ফাটা চামড়া উঠে যাবে। ঠোঁট নরম হবে।
৩) ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে কখনওই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। এ ক্ষেত্রে বেশ কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান। তাতে ঠোঁট আরও মসৃণ দেখাবে।