দুর্গাপুজোর আলো নিভতেই হাওয়ায় হিমের ছোঁয়া। সকাল আর রাতের দিকে হালকা শিরশিরানি জানান দিচ্ছে শীত আসছে। আর এই সময়টাতেই শুরু হয় এক চেনা সমস্যা — ফাটা ঠোঁট আর ফাটা গোড়ালি। সারাদিনের ব্যস্ততায় সাঁলোয় গিয়ে পায়ের যত্ন নেওয়ার সময় কোথায়? অথচ রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়েই রোজ মাত্র পাঁচ মিনিট খরচ করলে এই বিড়ম্বনা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। রইল গোড়ালির ফাটা দাগ দূর করার ৩টি সহজ ঘরোয়া টোটকা।
১. নারকেল তেল ও মধুর প্যাক
রাতে শোয়ার আগে পা ধুয়ে শুকিয়ে নিন। ১ চামচ নারকেল তেলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে গোড়ালিতে ভাল করে মালিশ করুন। মোজা পরে শুয়ে পড়ুন। মধু আর্দ্রতা ধরে রাখে, নারকেল তেল ফাটা দাগ নিরাময় সাহায্য করে।
২. গরম জল আর ভিনিগার
এক গামলা হালকা গরম জলে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার আর একটু শ্যাম্পু মিশিয়ে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। তার পর ঝামা দিয়ে হালকা ঘষে মৃত চামড়া তুলে যে কোনও ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। সপ্তাহে ২ বার করলেই ফাটা ভাব অনেকটা কমবে।
৩. কলা আর গ্লিসারিন মাস্ক
একটা পাকা কলা চটকে ১ চামচ গ্লিসারিন আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। গোড়ালিতে পুরু করে লাগিয়ে ১৫ মিনিট মোজা পরে থাকুন। তার পর ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে চটজলদি মিলবে ফল।