বাহারি নখরঞ্জনী নয়, সেরিনা উইলিয়ামসের রত্নখচিত ঝলমলে নখসজ্জা মুগ্ধ করেছে সাজের দুনিয়াকে। চার বছর পরে উইম্বলডনে ফিরে গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরিনার পারফরম্যান্স নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে তাঁর নখসজ্জা নিয়ে। সেরিনার ‘নেল আর্ট’ ছকভাঙা, প্রতিটি নখেই ফুটে উঠেছে আভিজাত্য। ছোট ছোট রত্ন বসিয়ে এমন নখসজ্জা সচরাচর দেখা যায় না। তবে সেরিনার মতো রত্নের সম্ভার দিয়ে না হলেও তেমনই উজ্জ্বল ও নজরকাড়া নখসজ্জা করানোই যায়। গতানুগতিক ‘নেল আর্ট’-এর বাইরে তেমনই কিছু নখসজ্জার নকশা রইল।
ক্রোম নেল
ক্রোম নেল আর্ট
হেইলি বিবারের নকশায় এই নখরঞ্জনী এখন বিশ্বজুড়েই জনপ্রিয়। নখে আয়নার মতো চকচকে ফিনিশ দেওয়া যায় বা খুব উজ্জ্বল ধাতব চমক নিয়ে আসা যায়। দেখতে অত্যন্ত মসৃণ। নখের উপর আলো পড়লে মনে হবে, মুক্তোর মতো ঝলমল করছে। প্রথমে নখে একটি বেস কালার দিয়ে দেওয়া হয়। সাধারণ সাদা, হালকা গোলাপি বা ন্যুড রং ব্যবহার করা হয় বেসের জন্য। শুকিয়ে গেলে ক্রোম পাউডার স্পঞ্জ দিয়ে নখের উপর আলতো করে ঘষে পলিশ করা হয়। সবশেষে একটি টপ কোট দিয়ে সিল করে দেওয়া হয়, যাতে নখ কাচের মতো স্বচ্ছ দেখায়।
মার্বেল নেল আর্ট
মার্বেল নেল আর্ট
মার্বেল পাথরের গায়ে যে আঁকাবাঁকা জলের মতো নকশা থাকে, নখের উপর হুবহু তেমনই ফুটিয়ে তোলা হয়। এমন নখরঞ্জনী খুব বেশি উজ্জ্বল বা চকচকে হয় না, বরং খুবই মার্জিত লুক নিয়ে আসে। মার্বেল আর্ট দু’টি পদ্ধতিতে করা যায়। প্রথমটি ‘ওয়াটার মার্বেলিং’, যেখানে জলে বিভিন্ন রঙের নেলপলিশের ফোঁটা ফেলে টুথপিক দিয়ে নকশা তৈরি করা হয়। তার পর নখটি তাতে ডুবিয়ে নেওয়া হয়। দ্বিতীয় পদ্ধতিতে নখের বেস কোটের উপরে নেলপলিশের ফোঁটা দিয়ে আর্ট ব্রাশ এবং রিমুভার বা অ্যালকোহল ব্যবহার করে আলতো করে মার্বেলের মতো নকশা তৈরি করা হয়।
সোয়েটার নেল
সোয়েটার নেল
ত্রিমাত্রিক নেল আর্ট। নিখুঁত ভাবে নকশা করা হয় নখে। দেখলে মনে হবে, নখের উপরে ছোট ছোট উলের সোয়েটার বোনা হয়েছে। নখের উপর ম্যাট ফিনিশ দেওয়া হয়, যা দেখতে হুবহু কাপড়ের মতো লাগে। প্রথমে নখের উপর পছন্দের রঙের জেল পলিশ লাগানো হয়। এর পর একটি পাতলা ব্রাশ এবং ঘন জেল বা থ্রি-ডি জেল ব্যবহার করে নখের উপর সোয়েটার বোনার মতো নকশা করা হয়। শেষে অ্যাক্রিলিক পাউডার ছড়িয়ে ইউভি আলোয় শুকোনো হয়।
নেগেটিভ স্পেস নেল আার্ট
নেগেটিভ স্পেস নেল আার্ট
জমকালো সাজ পছন্দ নয় যাঁদের, বরং ছিমছাম সাজসজ্জা পছন্দ, তাঁদের জন্য এই নেল আর্ট আদর্শ। এমন নখসজ্জায় নখের অর্ধেকটা রং করা হয়, বাকিটা খালি রাখা হয় বা হালকা কোনও জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলা হয়। এমন নখসজ্জা দেখতে খুব মসৃণ হয়। অতিরিক্ত জেল্লা থাকে না।
আইস নেল
আইস নেল
আইস নেল আর্টে মনে হবে নখের উপর স্বচ্ছ কাচ বসানো আছে।
কোরিয়ায় আইস নেল আর্ট খুবই জনপ্রিয়। এমন নখসজ্জা দেখলে মনে হবে, বরফের টুকরো বা ভাঙা রঙিন কাচ নখের উপর বসিয়ে দেওয়া হয়েছে। দেখতে কাচের মতো স্বচ্ছ মনে হয়। যে কোনও অনুষ্ঠান বা পার্টিতে এমন নখরঞ্জনী নজর কাড়বেই। প্রথমে নখে হালকা বা স্বচ্ছ জেল পলিশের বেস দেওয়া হয়। এর পর বিশেষ ‘হলোগ্রাফিক ফয়েল পেপার’ ছোট ছোট টুকরো করে নখের উপর নানা নকশায় বসিয়ে দেওয়া হয়। সবশেষে ক্লিয়ার জেল বা টপ কোট দেওয়া হয়, যাতে ফয়েলটি নখের উপর আটকে থাকে এবং মসৃণ কাচের মতো দেখায়।