স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে হলে মাথার ত্বকের যত্ন জরুরি, বলেন কেশচর্চাশিল্পীরা। কিন্তু কী ভাবে? দেশ ভেদে রূপচর্চার পন্থাতেও বদল হয়। দেশ ভেদে যেমন সংস্কৃতি আলাদা, তেমন ভাবনাতেও রয়েছে বৈচিত্র।
ইটালীয় মহিলা মানেই নজর কাড়ে তাঁদের স্বর্ণাভ, সুন্দর কেশ। সে দেশে চুলের পরিচর্যার কৌশল পারিবারিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে। আবার চিনের ঐতিহ্যবাহী কেশচর্চার আলোচনাও দুনিয়া জুড়ে। চিনাদের লম্বা চুলের নেপথ্যে রয়েছে তাঁদের নিজস্ব টোটকা, বিশ্বাস করেন অনেকে।
ইটালির বিশ্বখ্যাত কেশসজ্জা শিল্পী রোসানো ফেরেত্তি অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই দেশে ছোট থেকেই সন্তানদের চুলের যত্ন এবং তার গুরুত্ব সম্পর্কে শেখানো হয়। কেশচর্চার সেই শিক্ষাই প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়। ইটালীয় না কি চৈনিক পন্থা— কী ভাবে কেশের পরিচর্যা করবেন? দুই দেশের চুলের পরিচর্যায় তফাত কী?
মাথায় ত্বকের পরিচ্ছন্নতা
পাঁচ বিন্দুতে মাসাজ: ইটালিতে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে মাথার ত্বকের স্বাস্থ্যেই গুরুত্ব দেওয়া হয়। শ্যাম্পু সকলেই করেন, তবে ইটালিতে বিশেষ পন্থা অনুসরণ করা হয়। শ্যাম্পু করার সময়ে মাথার পাঁচটি বিন্দুতে মাসাজে জোর দেওয়া হয়। কপালের উপরে, মাথার একেবারে পিছনে ঘাড়ের দিকে যেখান থেকে চুল শুরু হয়েছে, মাথার মাঝে এবং দুই কানের উপরের অংশে। ইটালির কেশসজ্জা শিল্পীদের কথায়, পাঁচটি স্থানে খুব ভাল করে শ্যাম্পু করা দরকার, যাতে মাথার ত্বক এবং সমস্ত চুল খুব ভাল করে পরিষ্কার হয়।
চুল আঁচড়ানো, তেল-ময়লা পরিষ্কার: চিনারা মাথার ত্বক পরিষ্কারের পাশাপাশি চুলের পরিচর্যাতেও একইরকম গুরুত্ব দেন। মাথার ত্বক পরিষ্কার রাখতে চিনের কেশসজ্জাশিল্পীরা বার বার চুল আঁচড়ানোয় জোর দেন। নরম দাঁড়ার চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়ালে মাথার ত্বকে জমা মৃত কোষ যেমন ঝরে যায় তেমনই রক্ত সঞ্চালন ভাল হয়। চুল ভাল করে আঁচড়ালে, জট কম পড়ে বলে চুল ঝরার ঝুঁকিও কমে।
মাথার ত্বক পরিষ্কারে গুরুত্ব দেওয়া হয় শ্যাম্পুতে। আঙুলের সাহায্যে গোলাকারে মাসাজ করে শ্যাম্পু করার পরামর্শ দেন চিনের কেশসজ্জা শিল্পীরা।
ইটালীয় কেশসজ্জার পন্থা বলছে, একবার চুল ধোয়া যথেষ্ট নয়। দরকার দু’বার শ্যাম্পু। কারণ, মাথার ত্বক পরিষ্কার থাকলেই চুলের স্বাস্থ্য ভাল থাকবে।
তবে চৈনিক কেশসজ্জায় বিশেষ ভাবে জায়গা করে নিয়ে প্রাচীন টোটকা। এই দেশের কেশচর্চায় মজিয়ে নেওয়া চালের জলের ব্যবহার দীর্ঘদিনের। শ্যাম্পু করার পাশাপাশি কেশচর্চায় এই ধরনের ঘরোয়া টোটকাতেও বিশ্বাসী চিনারা।
শ্যাম্পু করার সময়ে পাঁচটি বিন্দুতে মাসাজ, ড্রাই ব্রাশিং বা চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়ানো, দুই পন্থাতেই মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। ইটালি এবং চিনের কেশচর্চার পদ্ধতি থেকে দু’টি কৌশলই কেশচর্চায় কাজে লাগাতে পারেন। আবার যেটা যখন সুবিধা সেটাও করা চলে। চুল ভাল রাখতে দুই দেশের দুই পন্থাই কার্যকর। সুবিধামতো কোনওটি বেছে নিলেই হল।