Advertisement
E-Paper

কী ভাবে মেকআপের ব্রাশ জীবাণুমুক্ত রাখবেন? সহজ কৌশল শিখিয়ে দিলেন ক্যাটরিনার রূপটানশিল্পী

নোংরা ব্রাশে তেল, মৃতকোষ আর ব্যাক্টেরিয়া জমে। সেই ব্রাশ ব্যবহার করলে ব্রণ হয়, ত্বকের নানা সমস্যা বেড়ে যায়, তা ছাড়া মেকআপও বসে না ঠিকমতো। কী ভাবে পরিষ্কার রাখবেন মেকআপের ব্রাশগুলি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ২০:৪৩
Katrina Kaif’s MUA Swears By This Trick! The Right Way To Clean Your Makeup Brushes

মেকআপ ব্রাশ কী ভাবে পরিষ্কার করবেন? ছবি: সংগৃহীত।

শেষ কবে মেকআপ ব্রাশটা ধুয়েছিলেন মনে আছে? এক সপ্তাহ আগে না কি এক মাস আগে? যদি তার থেকেও বেশি দিন আপনি ব্রাশটি না ধুয়ে থাকেন, তা হলে একটু সতর্ক হওয়া জরুরি। শুধু ব্রাশের জন্যই নয়, নিজের ত্বকের জন্যও বটে। অভিনেত্রী ক্যাটরিনা কইফের রূপটানশিল্পী ড্যানিয়েল বাউয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “তোমার ব্রাশগুলি তোমার শিল্পেরই একটা অংশ। ভাল ব্রাশ জীবনভর টিকে যেতে পারে।”

ড্যানিয়েলের মতে, তিনি আজও ২০ বছরের পুরনো ব্রাশ ব্যবহার করেন। তিনি বলেন, “আমার গুরু আমাকে শিখিয়েছিলেন ব্রাশকে শিশুর মতো যত্ন করতে। এ ক্ষেত্রে কোনও দামি গ্যাজেটে ভরসা করি না। সাধারণ উপকরণ ঈষদুষ্ণ জল আর বেবি শ্যাম্পু দিয়েই আমার কাজ হয়ে যায়।’’ ড্যানিয়েলের মতে, নোংরা ব্রাশে তেল, মৃতকোষ আর ব্যাক্টেরিয়া জমে। সেই ব্রাশ ব্যবহার করলে ব্রণ হয়, ত্বকের নানা সমস্যা বেড়ে যায়, তা ছাড়া মেকআপও বসে না ঠিকমতো। ফাউন্ডেশন আর কনসিলারের ব্রাশ সপ্তাহে ১ বার, আর পাউডার ব্রাশ ১০-১৫ দিনে একবার ধোয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কী ভাবে পরিষ্কার করবেন?

১. ব্রাশের মাথা নিচের দিকে রেখে ঈষদুষ্ণ জল ব্রাশের উপর থেকে ঢালুন। গোটা ব্রাশ জলে ডোবাবেন না।

২. হাতের তালুতে একটু শিশুদের শ্যাম্পু বা ক্লিনজ়ার নিয়ে আলতো হাতে ব্রাশের উপর গায়ে মাখিয়ে নিন।

৩. এবার বৃত্তাকার ভাবে করে আলতো করে ঘষতে হবে। যতক্ষণ না ফেনা পরিষ্কার হচ্ছে ততক্ষণ করতে থাকুন।

৪. আবার ব্রাশের মাথা নীচের দিকে রেখে জলে ভাল করে ধুয়ে নিন। ময়লা থাকলে শ্যাম্পু ব্যবহার করে আবার ধুতে হবে।

৫. শেষে তোয়ালে দিয়ে অতিরিক্ত জল মুছে নিন। আঙুল দিয়ে ব্রাশের আকার ঠিক করে নিন। তার পর টেবিলের কোনায় মাথা ঝুলিয়ে চ্যাপ্টা করে শুকোতে দিন।

কোন ভুলগুলি করবেন না?

১) ধোয়ার সময়ে অতিরিক্ত গরম জল ব্যবহার করলে ব্রাশ নষ্ট হয়ে যেতে পারে।

২) উল্লম্ব ভাবে রেখে ব্রাশ শুকোতে দেবেন না। এতে ব্রাশের ভিতরের দিকে জল ঢুকে আঠা নষ্ট হয়ে যেতে পারে।

৩) গোটা ব্রাশ কখনওই জলে ডুবিয়ে রাখবেন না।

৪) অতিরিক্ত ক্ষার আছে এমন সাবান ব্যবহার করবেন না।

৫) পুরোপুরি না শুকিয়ে মেকআপ বাক্সে ব্রাশটি ভরে রাখবেন না।

celebrity beauty tips Beauty Hacks Makeup Brush

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy