ছুটি কাটাতে পাহাড়ে বা জঙ্গলে বেড়াতে গেলে ব্যাগে জামাকাপড়, জুতো, জল, প্রয়োজনীয় ওষুধ— সবই জায়গা পায়। কিন্তু ত্বকচর্চার সামগ্রীর তেমন কদর থাকে না। বিশেষ করে ট্রেকিংয়ের পরিকল্পনা থাকলে তো ত্বকের পরিচর্যার প্রায় প্রশ্নই ওঠে না। কিন্তু ক্যাটরিনা কইফের বোন ইসাবেল কইফ অবশ্য সেই দলে পড়েন না। রণে-বনে-জলে-জঙ্গলে যেখানেই যান, ত্বকচর্চা তাঁর রুটিন থেকে বাদ পড়ে না কখনওই।
সম্প্রতি তারই প্রমাণ মিলল ইসাবেলের ইনস্টাগ্রামের ভিডিয়োয়। আমেরিকার কলোরাডোর সান হুয়ান পর্বতমালায় ট্রেকিংয়ের কিছু মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ইসাবেল। সেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করলেও নিজের ত্বকের যত্নের রুটিন বাদ দেননি তিনি। বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে ছোট করে নিয়েছেন সেই রুটিন।
বেড়াতে গেলে ইসাবেল কী ভাবে রূপচর্চা করেন? ছবি: সংগৃহীত
ট্রেকিংয়ে গিয়ে ত্বকচর্চার কোন কোন ধাপ মানলেন ইসাবেল?
· প্রথমে ভেজা টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিলেন।
· তার পর মুখে কয়েকটি হালকা লোশন এবং সিরাম ব্যবহার করলেন।
· পুরো রুটিনের শেষ ধাপটি বিশেষ ভাবে চোখে পড়ে— সানস্ক্রিন। ভিডিয়োর ক্যাপশনেও ক্যাটরিনার বোন লিখেছেন, ‘‘সানস্ক্রিনের কথা ভুলবেন না।’’
আরও পড়ুন:
পাহাড়ে সানস্ক্রিন কেন জরুরি?
পাহাড়ে থাকলে অনেক সময়ে রোদ বেশি গায়ে লাগে। সূর্যালোকের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়। দীর্ঘক্ষণ খোলা আকাশের নীচে থাকায় ত্বক অতিবেগনি রশ্মির সংস্পর্শে আসে। এর ফলে ত্বক পুড়ে যাওয়া, ট্যান পড়া এবং ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ট্রেকিংয়ের সময়ে ছাতা ব্যবহারের অবকাশ থাকে না। ফলে মুখ, ঘাড়, হাতের মতো খোলা অংশে সরাসরি রোদ পড়ে। এই কারণেই বাইরে যাওয়ার আগে এবং দীর্ঘক্ষণ বাইরে থাকলে ঘন ঘন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সেই কথাই মনে করিয়ে দিলেন ইসাবেল।
ট্রেকিং, সমুদ্রসৈকত বা পাহাড়ে বেড়াতে গেলে ত্বকের উপর পরিবেশের প্রভাব আরও বেশি পড়তে পারে। তাই বেড়াতে গিয়ে ত্বকের যত্ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার বদলে প্রয়োজনীয় ধাপগুলি বেছে নেওয়াই শ্রেয়।