মন ভাল করা একটি পারিবারিক ছবি। মায়ের স্ফীতোদর ছুঁয়ে দেখছে ছোট্ট দুয়া। স্ত্রী-সন্তানকে আগলে রেখেছেন রণবীর সিংহ। কন্যার জন্মদিনে এমনই একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
কিছুদিনের মধ্যেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে অভিনেতা দম্পতির জীবনে। নতুন অতিথির অপেক্ষায় তাঁরা কী ভাবে দিন গুনছেন, সেই ছবিটি প্রকাশ পেতেই সহকর্মী, অনুরাগীরা আশীর্বাদ, শুভেচ্ছায় ভরিয়েছেন। সেই ছবিতে কোনও প্রসাধনী বা অলঙ্কার ব্যবহার করেননি। বরং তাঁর সাজে সকলেরই চোখে পড়েছে শ্বেতশুভ্র হালকা পোশাকটি। লেসের কাজ করা শৌখিন কো-অর্ডটি আসলে ‘কিয়ানা সেট’। মুম্বইয়ের ফ্যাশন সংস্থা ‘ডেম বাই গ্র্যাব্রিয়েলা’-র তৈরি এই পোশাকটি মূলত তিন অংশে বিভক্ত। ওয়েবসাইটে দেখা যাচ্ছে, গলাবন্ধ টপ এবং বেলবটম প্যান্টের পাশাপাশি একই নকশার ওড়না বা স্কার্ফ। পোশাকের সামনের অংশটি পেট থেকে পা পর্যন্ত কাটা।
রণবীর এবং দুয়ার সঙ্গে দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম।
দীপিকার দেওয়া ছবিতে ওড়না নেই। টপটি নেমেছে পা পর্যন্ত। পোশাকের মাঝের কাটা অংশেই স্পষ্ট হয়েছে অভিনেত্রীর স্ফীতোদর। নীচে লেসের কাজ করা বেলবটম প্যান্ট। পোশাকটি যেমন শৌখিন, তেমনই আরামদায়ক। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে, এর দাম প্রায় ৪৮ হাজার টাকা।
দীপিকার লেশের পোশাকটির দাম প্রায় ৪৮ হাজার টাকা। ছবি:সংগৃহীত।
‘ডেম’-এর পোশাক শুধু দীপিকা নন, বলিউডের বহু তারকাই পছন্দ করেন, পরেনও। শুধু বিলাসী ব্র্যান্ডের জন্য নয়, আরমদায়ক কাপড়, শৌখিন আধুনিক নকশার জন্যই এর কদর। ‘ডেম’ ব্র্যান্ডটি শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার মডেল এবং ডিজ়াইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। ভারতে এসে এখানকার সংস্কৃতি, সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান তিনি। মুম্বইয়ে শুরু করেন তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড।
দুয়ার কোনও ভাই বা বোন আসতে চলেছে, সেই তথ্য ১৯ এপ্রিল সমাজমাধ্যমে অত্যন্ত সুকৌশলে প্রকাশ করেছিলেন দীপিকা-রণবীর। ছোট্ট দুয়ার হাতে ছিল প্রেগন্যান্সি টেস্ট কিট, তা ইঙ্গিত দিচ্ছিল, ফলাফল ‘পজ়িটিভ’।
দুয়ার দ্বিতীয় জন্মদিনেই গর্ভাবস্থার ছবি ভাগ করে নিয়েছেন দীপিকা এবং রণবীর। একাধিক ছবি ভাগ করে অভিনেতা দম্পতি লিখেছিলেন, “বেবি দুয়া এবং আমাদের মন, দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।”