নীতা অম্বানীর ফ্যাশনে রাজকীয়তার ছোঁয়া থাকে বরাবরই। স্টেটমেন্ট জুয়েলারি, ঐতিহ্যবাহী শাড়ি আর ভারতীয় কারুশিল্পের প্রতি ভালবাসা— সব মিলিয়ে তিনি নিজের একটা আলাদা ফ্যাশন-ভাষা তৈরি করেছেন, যেখানে আভিজাত্যই শেষ কথা। এ বছর গণেশ চতুর্থীতেও তার অন্যথা হল না।
অ্যান্টিলিয়ায় প্রতি বছরের মতো এ বছরও ধুমধাম করে পালিত হল গণেশ চতুর্থী। উৎসব শামিল হয়েছিলেন বলিপাড়ার এক ঝাঁক তারকা। অতিথিদের স্বাগত জানাতে নীতা ধরা দিলেন এমন এক সাজে, যা দেখে চোখ ফেরানো দায়। পরনে কমলা আর রানির মিশেলে বোনা সিল্কের শাড়ি। উৎসবের রং যেন শাড়ির প্রতিটি ভাঁজে। তবে সে দিনে নীতার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছিল তাঁর গলার হারটি। সাধারণ নেকলেস নয়, এ যেন এক শিল্পকর্ম। গলা থেকে কাঁধ ছাপিয়ে বুকের উপর পর্যন্ত নেমে আসা এক বিশাল, নজরকাড়া নেকপিস। হিরে-আর রত্নখচিত সেই হারের সূক্ষ্ম কারুকাজ নীতার সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
জমকালো বেশে নীতা। ছবি: সংগৃহীত।
রাজকীয় নেকলেসের সঙ্গে নীতা বেছে নিয়েছিলেন ভারী কারুকাজ করা সোনার কানপাশা। হাতে সোনার বালা আর হিরে এবং রুবির কারুকাজ করা চূড়। আঙুলে নজর কাড়ে বিশাল মাপের হিরের আংটি। নীতা হাতে নিয়েছিলেন সোনালি জরির কাজ করা ছোট্ট পোটলি ব্যাগ। চুলে পরিপাটি করা বিনুনির বাঁধন। মুখে হালকা মেকআপ আর কপালে ছোট্ট গোলাপি টিপ— সব মিলিয়ে উৎসবের সাজে তিনিই যেন রাজরানি।