পরিচালক মণি রত্নমের ছবির শুটিংয়ের কাজে কলকাতায় এসেছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। শহরের রাজপথে ঘুরে সারছেন শুটিংয়ের কাজ। চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হয়েছে সাইয়ের সাধারণ বেশভূষা। অনেক তারকাই নজর কাড়ার জন্য জমকালো সাজসজ্জার উপর বেশি গুরুত্ব দেন, কিন্তু অভিনেত্রী একেবারেই সেই পথে হাঁটেন না। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট গড়ে উঠেছে সারল্যের উপর ভিত্তি করে, যেখানে হাতে-বোনা সিল্ক, কাঞ্জিভরম, হালকা শিফন আর ফিনফিনে অরগ্যানজ়াই আকর্ষণের কেন্দ্রে থাকে। সিনেমার প্রচারই হোক বা পারিবারিক অনুষ্ঠান—সব ক্ষেত্রেই তাঁর শাড়ির সাজ থাকে অনাড়ম্বর, সাবলীল।
শাড়ি পরলেই হল না, শাড়ি পরে কী ভাবে নজর কাড়তে হয়, সেটাও জানা দরকার। আর সাই সে কাজে সিদ্ধহস্ত। অল্প গয়না, ছিমছাম রূপটান আর ভরপুর আত্মবিশ্বাসের মিশেল— শাড়ি পরে অনুরাগীদের মুগ্ধ করতে সাই মূলত এই তিনটি বিষয়ের উপরেই বেশি গুরুত্ব দেন। বার বার তিনি প্রমাণ করেছেন, সুন্দর হতে গেলে জাঁকজমকের দরকার হয় না। শাড়ি পরে সাইয়ের ৩টি ‘লুক’, যা দেখে অনুপ্রাণিত হতে পারেন আপনিও।
সোনালি কাঞ্জিভরমে অপরূপা
কাঞ্জিভরম পরতে খুবই ভালবাসেন সাই। সম্প্রতি ‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে সোনালি রঙের কাঞ্জিভরম টিস্যু সিল্ক শাড়ি পরেই নজর কাড়েন অভিনেত্রী। শাড়ি জুড়ে সোনালি সুতোর ফুলেল নকশা। শাড়ির বেগনি পাড়েও সোনালি জরির বুনন। কোনও ডিজ়াইনার ব্লাউজ় নয়, একেবারে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ়ই পরেছিলেন তিনি। গলায় মন্দিরের নকশা করা সোনার চোকার, কানে ঝুমকো আর হাতে মোটা চুড়ি। খোলা চুলের সঙ্গে হালকা ব্লাশ, নিউট্রাল লিপ টিন্ট এবং কপালে ছোট্ট একটি লাল টিপ— ব্যস, ওইটুকুই।
আইভরি টিস্যু সিল্কে মোহময়ী
সম্প্রতি বোনের বিয়ের একটি অনুষ্ঠানে আইভরি রঙের টিস্যু সিল্ক শাড়িতে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। সাধারণ শাড়িতেও নজরে আসার কায়দা জানা আছে সাইয়ের। তিনি শাড়িটির সঙ্গে মানানসই আইভরি রঙের চওড়া নেকলাইনের একটি সিল্কের ব্লাউজ় পরেছিলেন। মনোক্রোম লুকেই ধরা পড়েছে সাইয়ের সৌন্দর্য। কানে আর গলায় মুক্তোর গয়না, হাতে জপের মালা। ‘নো মেকআপ লুক’ হলেও যেন ঠিকরে বেরিয়ে আসছে তাঁর জেল্লা। শাড়ির আভাকেও যেন ম্লান করেছে সাইয়ের জেল্লাদার ত্বক।
ফ্লোরাল শিফনেই কেতা
বর্ষায় শিফনের থেকে ভাল আর কী বা হতে পারে! নীল-সাদা ফুলের প্রিন্টের শিফন পরে নজর কেড়েছেন সাইও। হালকা, ফিনফিনে শাড়ির সঙ্গে নীল রঙের হাতকাটা ব্লাউজ় পরেছিলেন নায়িকা। শরীরে গয়না বলতে কানে পরেছিলেন একটি ঝুমকো। হাত আর গলায় গয়নার লেশমাত্র নেই। সাজ বলতে এলোকেশে আলগা খোঁপার বাঁধন আর ছোট একটি টিপ। ছিমছাম সেজেও নজরে আসার কায়দা শিখে নেওয়াই যায় সাইয়ের থেকে।