ভাত-রুটির পাশে বাটি ভরা গরম ডাল না হলে বাঙালির দুপুরের খাওয়া যেন অসম্পূর্ণ। কিন্তু সব ডাল কি সমান সময়ে সেদ্ধ হয়? মসুর-মুগ যেখানে চটজলদি গলে যায়, সেখানে ছোলার ডাল সেদ্ধ করতেই ঘড়ির কাঁটা ঘুরে যায়! প্রোটিনে ঠাসা এই ডালের স্বাদ যেমন দারুণ, রান্না করতে সময়ও লাগে তেমন! তবে তাড়াহুড়োর দিনে রান্না করতে হলে কোন কৌশল মানলে চটজলদি নরম হবে ছোলার ডাল?
মুগ বা মসুর ডাল খুব তাড়াতাড়ি জল টেনে নরম হয়ে যায়। কিন্তু ছোলার ডাল ধীরে ধীরে জল শোষণ করে, তাই রান্নার সময় বেড়ে যায়। অন্যান্য ডালের তুলনায় ছোলার ডালে জটিল শর্করা ও প্রোটিনের পরিমাণ বেশি। এগুলি ভাল ভাবে সেদ্ধ হতে বেশি তাপ ও সময় দরকার।
তাড়াতাড়ি ছোলার ডাল সেদ্ধ করার সহজ উপায়
ডাল ভিজিয়ে রাখুন: রান্নার আগে অন্তত ৩০-৪০ মিনিট ছোলার ডাল ভিজিয়ে রাখুন। আরও ভাল ফলের জন্য হালকা গরম জল ব্যবহার করুন। ভিজিয়ে রাখলে ডাল আর্দ্রতা শুষে নেয়, ফলে সেদ্ধ হতে সময় অনেক কম লাগে।
এক চিমটে খাবার সোডা দিন: হাতে সময় কম থাকলে ডাল সেদ্ধ করার সময় এক চিমটে খাবার সোডা দিন। এটি ডালের ফাইবার ভেঙে দ্রুত নরম হতে সাহায্য করে।
গরম জল ব্যবহার করুন: ঠান্ডা জলের বদলে ফুটন্ত বা খুব গরম জল দিয়ে প্রেসার কুকারে ডাল রাঁধুন। এতে রান্না তাড়াতাড়ি হবে।