বর্ষার দিনে গাড়িতে ভ্রমণের পরিকল্পনা করেছেন। লুচি-পরোটা বা তরকারি সঙ্গে নিলে তা নষ্ট হয়ে যাবে কি না ভাবছেন। পথে খিদে পেলে তাই রাস্তার ধারের দোকানই ভরসা। যদি ঘরের খাবার খাওয়াই পছন্দ নয়, তা হলে সঙ্গে নিতে পারেন সুস্বাদু কিছু শুকনো খাবার। তা কেনা বিস্কুট বা কুকি নয়, বরং বাড়িতেই বানিয়ে নিন নানা রকম ‘ফিউশন’ স্ন্যাক। যা থাকবে অনেক দিন, নষ্ট হওয়ার ভয়ও থাকবে না।
নো-বেক চকোলেট পিনাট বাটার কুকি
নো-বেক চকোলেট পিনাট বাটার কুকি
অভেন না থাকলেও চিন্তা নেই। এই কুকি বানানো যাবে সহজেই। একটি পাত্রে মাখন, চিনি ও কোকো পাউডার একসঙ্গে গরম করে গলিয়ে নিন। মিশ্রণটি নামিয়ে তাতে পিনাট বাটার এবং ওট্স ভাল করে মিশিয়ে নিন। এ বার চামচ দিয়ে ছোট ছোট চ্যাপ্টা কুকির আকারে গড়ে নিন। সেগুলি ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কুকি। বায়ুরোধী বক্সে ভরে গাড়িতে নিয়ে নিন।
স্ন্যাপ বার
স্ন্যাপ বার
দোকানের দামি গ্র্যানোলা বারের থেকে এটি অনেক বেশি স্বাস্থ্যকর ও সাশ্রয়ী। এক কাপের মতো ওট্স এবং বাদাম শুকনো খোলায় ভেজে নিতে হবে। একটি পাত্রে মধু সামান্য গরম করে তাতে ওট্স, বাদাম এবং ড্রাই ফ্রুট দিয়ে ভাল করে মাখিয়ে নিন। একটি চারকোনা পাত্রে এই মিশ্রণটি চেপে বসিয়ে দিন। ঠান্ডা হলে চারকোনা বারের আকারের কেটে নিয়ে আলাদা আলাদা ফয়েলে মুড়ে নিন।
বানানা-বাটার মাফিন
বানানা-বাটার মাফিন
এক কাপের মতো মাখন গলিয়ে নিন। এর পর ডিম ফেটিয়ে তার সঙ্গে দুধ ও গলানো মাখন মেশান। এ বার ময়দা, চিনি, নুন, পাকা কলা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে তা ডিম-দুধের মিশ্রণের মধ্যে আস্তে আস্তে ঢালুন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। এর পর মিশ্রণটি মাফিন কাপে এমন ভাবে ঢালুন, যাতে কাপগুলির দুই তৃতীয়াংশ ভর্তি হয়। অভেনে ১৬০ ডিগ্রিতে ২৫ মিনিট বেক করে নিন। হয়ে গেলে মাফিনগুলির উপর কুচোনো কাঠবাদাম ছড়িয়ে দিন।
বেকড মেথি মঠরি
বেকড মেথি মঠরি
উত্তর ভারতীয় এই স্ন্যাক্স চা বা কফির সঙ্গে খেতে ভাল লাগে। এটি সঠিক ভাবে সংরক্ষণ করলে অনেক দিন অবধি ভাল থাকে। আটা, সুজি, জোয়ান, মেথিপাতা, গোলমরিচ এবং নুন একসঙ্গে মেশান। আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এ বার বেশ কিছুটা তেল দিয়ে শক্ত করে মেখে নিন। ছোট ছোট লেচি কেটে হাতের তালু দিয়ে চেপে চ্যাপ্টা করে নিন। কাঁটা চামচ দিয়ে মাঝে কয়েকটা ছিদ্র করুন। অভেনে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করে নিন। চাইলে কম তেলে ভেজেও নিতে পারেন।
বেকড আলু-সুজির ফিঙ্গার
বেকড আলু-সুজির ফিঙ্গার
ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে খাবারটি অভেনে বেক করার প্রয়োজন নেই। ভ্রমণের সময়ে টুকটাক খিদে পেলে এটি দিব্যি খেতে পারেন। কড়ায় সামান্য জল ও নুন দিয়ে সুজি ফুটিয়ে নরম মণ্ড বানিয়ে নিন। ২টি বড় মাপের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়ে সুজির সঙ্গে মেশান। সামান্য চিলিফ্লেক্স, অরিগ্যানো ও ১ চামচ মাখন দিয়ে ভাল করে মণ্ডটি মেখে নিন। এ বার মিশ্রণটি থেকে সরু সরু আঙুলের মতো ফিঙ্গার তৈরি করে নিন। বেকিং ট্রে-তে সামান্য তেল ব্রাশ করে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করে নিন।