E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ছোট জায়গাতেও হতে পারে শখের বাগান

ছাদে বা বড় বারান্দা থাকলে করতে পারেন রেজ়ড বেড গার্ডেনিং

ঐশী চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৬:৫৬

বাড়িতে বাগান পরিচর্যা করতে পছন্দ করেন অনেকে। তাঁরা এমন উপায়ের খোঁজ করেন যা দিয়ে শখের বাগানটিকে দেখতেও সুন্দর লাগে আবার গাছের গুণমান আরও উন্নত হয়। অনেকে আবার ফ্ল্যাটবাড়ির অন্দরসজ্জা বজায় রেখে কী ভাবে বাগান পরিচর্যা করবেন, তা নিয়ে উদ্বিগ্ন হন। ছোট জায়গায় কনটেনারের মধ্যে করা যায় রেজ়ড বেড গার্ডেনিং। এই পদ্ধতিতে কাঠের ফ্রেমের মধ্যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত মাটিতে বাগান করা যায়।

কেন দরকার

উদ্যানবিদ পলাশ সাঁতরা জানাচ্ছেন, ফল, ফুল বা আনাজপাতি... যে কোনও গাছ লাগানোর আগে জরুরি সেটি কোথায় লাগানো হবে, সে জায়গাটি নির্ধারণ করা। যে কোনও বীজ থেকে চারা গাছ তৈরির ক্ষেত্রে প্রথম কিছু দিন জমি থেকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় তা তৈরি করে নেওয়া হয়। রেজ়ড বেড গার্ডেনিং-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিছুটা উঁচু জায়গা হওয়ার ফলে গাছের শিকড়ে জল জমে না, তাই তা সুরক্ষিত থাকে ও গাছটি সুস্থ ভাবে বেড়ে ওঠে।

বানানো যায় যেখানে

সাধারণত রেজ়ড বেড এমন জায়গায় তৈরি করা হয়, যেখানে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে। সেটা বাড়ির ছাদ বা উঠোনে হতে পারে। বাগানের মধ্যেও কোনও নির্দিষ্ট জায়গা হতে পারে। আবার ফ্ল্যাটেও করা যায়। কারণ ছোট জায়গায় পছন্দসই গাছ লাগিয়ে তা পরিচর্যা করা যায়। কিচেন গার্ডেনের জন্য আদর্শ রেজ়ড বেড গার্ডেনিং। এই ধরনের কনটেনারে লঙ্কা, গাজর, ক্যাপসিকাম-সহ নানা গাছই সহজে করা যায়। সবচেয়ে ভাল হয় হার্বস। আবার ছোট ফুল গাছও এই ধরনের রেজ়ড বেডে তৈরি করা যায়। তবে মাটির গভীরতা খুব বেশি না থাকায় খুব বড় গাছ করা যায় না। তবে মরসুমি ফসলের জন্য এই বাগান ভাল।

রেজ়ড বেড বানাতে

  • প্রথমে জরুরি জায়গা নির্বাচন। ৬-৮ ঘণ্টা রোদ পায় যে জায়গা, তা রেজ়ড বেড বানানোর জন্য আদর্শ।
  • এর পরে, মাটি থেকে ৬ ইঞ্চি উঁচুতে এই জমি তৈরি করা হয়। দৈর্ঘ্য আনুমানিক ১০ মিটার রাখা যেতে পারে। প্রস্থ হয় ১ মিটার মতো। যদিও ইচ্ছেমতো দৈর্ঘ্য-প্রস্থ বাড়ানো-কমানো যেতেই পারে। এই জমির চারপাশ ঘিরে দেওয়া হয় ইট, কাঠ, বাঁশ বা কোনও ধাতব পাত দিয়ে। এতে মাটির পরিচর্যা করতে সুবিধে হবে। তবে এই বেডে যাতে জল না জমে, সে দিকেও খেয়াল রাখতে হবে। বেডের তলায় ফুটো থাকলে সুবিধে হবে।
  • বেড তৈরির সময়ে খেয়াল রাখতে হবে, মাটি ঝুরঝুরে হলে গাছ ভাল হবে। তাই মাটিতে কিছু পরিমাণ ভার্মিকম্পোস্ট এবং ব্যক্টিরিয়ানাশক মিশিয়ে নিলে ভাল হয়। তবে এই মাটিতে গোবর সার না মেশানোর পরামর্শ দিচ্ছেন পলাশ। তাঁর মতে, গোবর সারে অনেক সময়ে ঘাসের বীজ মিশে থাকে। ফলে আগাছা জন্মানোর সম্ভাবনা বেড়ে যায়।
  • নেটমাধ্যমেও নানা ধরনের রেজ়ড বেড কিনতে পাওয়া যায়। প্রয়োজন মতো সেগুলিও ব্যবহার করা যেতে পারে।

রেজ়ড বেডের যত্ন

রেজ়ড বেড গার্ডেনিং-এর সবচেয়ে বড় সুবিধে হল, এই পদ্ধতির সাহায্যে মাটির গুণমান ধরে রাখা যায়। ফলে গাছও ভাল ভাবে বেড়ে ওঠে। এই বেডগুলির মাটিতে নিয়মিত সার মেশালে তা ভাল থাকে। পরিমাণ মতো জল আর রোদও যাতে এই জমি পায়, তা নিশ্চিত করা জরুরি। ঘুরিয়েফিরিয়ে নানা ধরনের মরসুমি গাছ লাগানো যায়। এমন রোটেশনাল পদ্ধতিতে গাছ লাগালে মাটি ভাল থাকে। গাছও ভাল হয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gardening Gardening Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy