E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অধিকন্তু ন দোষায়

গাঢ় চোখ, গ্লিটারের ঝিলিক, রঙিন শিশিরভেজা ঠোঁট। আবার ঝোঁক বাড়ছে জাঁকজমকপূর্ণ সাজের।

চিরশ্রী মজুমদার 

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২২

বেশ কয়েক বছর ধরে মিনিমালিস্ট লুক জনপ্রিয় ছিল। কোভিডের পর সকলেই পোশাক, প্রসাধনীতে প্রাচুর্য এড়িয়ে চলছিলেন। কিন্তু সাজগোজে আড়ম্বর বাড়ছে আবার। বছরের ‘বিউটি লুক-বুক’ কোন পথে যাবে, তা অনেকখানি বলে দেয় নিউ ইয়র্কের মেট গালা ইভেন্ট। সেখানে এ বার ম্যাক্সিমালিজ়মের জয়গান। বলিউডের তারকারা অনন্যা পাণ্ডে, কৃতী শ্যানন, কিয়ারা আডবাণী— সকলেই জমকালো লুকের ছবি দিচ্ছেন। পুজোর সাজের জন্য ম্যাক্সিমালিস্ট বিউটি ট্রেন্ডের পাঁচ মন্ত্র রইল।

নীল নীল আঁখিতে

চোখের প্রসাধনীতে আইশ্যাডো আর লাইনারে বোল্ড রঙের ব্যবহার করা হচ্ছে। মেকআপ শিল্পীরা একে বলছেন আইম্যাক্সিং। চোখের সাজ নানা ভাবে জমকালো করা যায়। নীল, সবুজ রঙের লিকুইড শ্যাডো ব্যবহার করলেই সাজ নজর কাড়বে। কালারড লেন্স ব্যবহার করে চোখের মেকআপ করলে জৌলুস নিশ্চিত। এ ক্ষেত্রে নীল লেন্সের সঙ্গে পিচ বা রাস্ট শেড, ব্রাউন লেন্সের সঙ্গে সোনালি বা এমারেল্ড শ্যাডো, হেজ়েল চোখের মণির সঙ্গে বার্গান্ডি, বেরি ইত্যাদি শেডের জুটি নাটকীয়তা তৈরি করবে। আইম্যাক্সিংয়ের আর এক পদ্ধতি কোহল আইপেনসিল বা উজ্জ্বল রঙের আইলাইনার ব্যবহার। গ্লিটার দেওয়া নীল, সবুজ, শ্যাওলা রং বা যে কোনও ‘ইলেকট্রিক কালার’ ব্যবহার করুন, আশির দশকের রেট্রো স্টাইলের পুনরুত্থানের পর নিয়ন রং দারুণ জনপ্রিয়। নিয়ন পপ-আইলাইনার পুরো লুক জমিয়ে দিতে পারে। চোখের নীচের জলরেখায় কোবাল্ট ব্লু আন্ডারআইলাইনার ভাল এফেক্ট আনবে। উইঙ্গড আইলাইনার টানতে পারেন। চোখের পাতা কার্ল করে দু’কোটে রঙিন মাসকারা ব্যবহার করা যায়।

মুখের উপর ঝিকিমিকি

আশির দশকের সাজ জনপ্রিয় হতেই ফিরেছে ডিস্কো স্টাইলের শিমারি মেকআপ। গ্লিটার দেওয়া মুখ, প্রসাধনে সোনালি বা ধাতব ঝিলিক। তবে উগ্র নয়, হালকা করে গ্লিটার ব্যবহার করা হচ্ছে। চোখের কোণে, গালের উপর, থুতনিতে অল্প ফেসজুয়েল বা গ্লিটার, চোখের চারপাশে ক্রিস্টাল দিলেই কেল্লা ফতে। কোরিয়ান কায়দায় চোখের নীচে গ্লিটার প্যাচও রূপকথার আমেজ আনবে। ডিউয়ি গ্লো ফাউন্ডেশন, হাইলাইটার ব্যবহার করলে দূর থেকেই মুখে আলো ঝিলিক দেবে। আয়নার মতো ত্বক পাওয়ার উন্মাদনা এখনও রয়েছে। তার সঙ্গে আপওয়ার্ড স্ট্রোকে গালে লিকুইডব্লাশ ব্যবহার করুন, আরও চকচকে লাগবে মুখ।

লিকুইড গ্লস, পুরু ঠোঁট

নুড লিপসও ফ্যাশন-মাঠের বাইরে। ফিরেছে স্টেটমেন্ট লিপস। তার জন্য কালচে গোলাপের রং, চেরি, ওয়াইন, বেরি রঙের গাঢ় রং লাগান ঠোঁটে। ম্যাট-ফিনিশড নয়, উজ্জ্বল ঝকঝকে শিশিরভেজা ঠোঁট চাই। ফ্রস্টেড লিপসের কদর বেশি। পার্পল ও ব্ল্যাক লিপস্টিক পর্যন্ত ইন। ঠোঁটটা আরও বড় দেখাতে লিপলাইনারের চলও ফিরছে।

স্টেটমেন্ট-বিউটির জাদু

২০২৬-এর ম্যাক্সিমালিস্ট ট্রেন্ডের সার কথা হল— চেহারাকে ক্যানভাস করে তোলা, তাতে রাজকীয়তা, নাটকীয়তা থাক, রং থাক কিন্তু জবড়জং নয়। সব ক’টা ট্রেন্ড একসঙ্গে ব্যবহার করলে এই প্রসাধনীর ম্যাজিক-পাওয়ার উধাও হয়ে যাবে। যে দিন চোখের মেকআপ চমকদার, সে দিন গালে গ্লসি-ব্লাশের দরকার নেই। গ্লসি ব্লাশ, ডিউয়ি স্কিন আর স্টেটমেন্ট লিপস বরং একসঙ্গে রাখতে পারেন। চোখে ইলেকট্রিক ব্লু লাইনার আর গ্লিটার প্যাচ থাকলে, ঠোঁট হবে গ্লসি শিয়ার পিঙ্ক। অর্থাৎ আপনার সাজের কেন্দ্রবিন্দু করুন যে কোনও একটিকে।

ক্লিক অ্যান্ড পোস্টের যুগ, তাই এখন রূপেগুণে চোখ ধাঁধানোই হল লক্ষ্য। তা বলে, ক্লিনগার্ল এসথেটিকস একেবারেই যে বিদায় নিয়েছে তা নয়। তা এখন হয়েছে ত্বকচর্চার বিষয়। রাসায়নিকের প্রভাব এড়িয়ে ত্বক রাখতে হবে সুস্থ, সুন্দর। আর প্রসাধনীতে এ বারের উৎসব ম্যাক্সিমালিজ়মের। আপনার মুখখানি হয়ে উঠুক শিল্পীর জাদু-ক্যানভাস।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
glamorous look Eye Makeup Makeup Tips New Makeup Trend

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy