দীপাবলির উৎসবে দরজা থেকে অন্দরমহল সেজে ওঠে রকমারি গাঁদার মালায়। টেবিলে কাচ বা পিতলের পাত্রে জল রেখে অনেকে কুচো ফুল ভাসিয়ে দেন, দেখতে ভাল লাগবে বলে। রঙ্গোলি দেওয়ার পরে তা আরও সুন্দর করে তুলতেও কুচো ফুল, জ্বলন্ত প্রদীপের ব্যবহার হয়।
কিন্তু গাঁদার মালা বা কুচো ফুলের বদলে, অন্দর সাজাতে পারেন একটু অন্য ভাবেও। গোলাপ থেকে পদ্ম, অর্কিড কোন ফুল কী ভাবে ব্যবহার করবেন?
পদ্ম
শ্বেতপদ্ম, রক্তপদ্ম, সহস্রদল পদ্ম— রকমারি পদ্মফুল জোগাড় করতে পারলে তা দিয়েই ঘর সাজান। বসার জায়গায় টেবিলের উপরে বা ঘরের কোনায় টুলের উপরে একটি পিতলের বড় আকারের শৌখিন পাত্র নিন। তাতে জল ভরে ২-৩টি পদ্ম ভাসিয়ে দিন। মাঝখানে দিন ভাসমান প্রদীপ। খুব সহজ ভাবনা, কিন্তু দেখতে লাগবে নজরকাড়া।
জারবেরা
জারবেরা ফুল দিয়ে অন্দরসজ্জা।
লাল, হলুদ, সাদা, বিভিন্ন রঙের জারবেরা ফুল সহজেই মেলে। কাচ, পিতল বা মার্বেলের ফুলদানিতে বিভিন্ন রঙের জারবেরা একগুচ্ছ সাজিয়ে রাখুন। শোয়ার ঘর, বসার ঘর, যে কোনও জায়গাতেই তা মানাবে। কাচের শৌখিন বড় পাত্রে একটি ফুল সাজানোর কাঁটায় ফুলের বৃন্ত আটকে দিন। সেটি পাত্রে রেখে ওয়াটার বল ঢেলে দিন এক মুঠো। এতে কাঁটাটি ঢাকা পড়ে যাবে। উপর থেকে জল দিন। ফুলটি থাকবে জলের তলায়। উপর থেকে ভাসমান প্রদীপ জ্বালিয়ে দিন।
গোলাপ
গোলাপ ফুলদানিতে সাজিয়ে দেওয়া যায়। তবে দীপাবলির অন্দরসাজ হোক অন্য রকম। স্বচ্ছ কাচের ফুলদানি নিন। বৃন্ত-সহ পাঁচটি ফুল একেবারে নীচের অংশে সাজিয়ে দিন। তার পরে দিন আলোর চেন, যেগুলি জলে ডোবানো যায়। গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। যোগ করুন জলে ফুলে ওঠা স্বচ্ছ বাব্ল। (অনলাইনে সহজে মেলে। ২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে নরম বলের মতো হয়ে যায়) অনেকগুলো বাব্ল দিয়ে, ডাঁটি-সহ গোলাপফুলটি উল্লম্ব ভাবে গেঁথে দিন। আবারও বেশ কিছুটা বাব্ল দিন। সবশেষে জল ঢেলে দিন। আলোটা জ্বালিয়ে দিন। নিজেই অবাক হয়ে যাবেন ফুলদানির সৌন্দর্য দেখে।
গোলাপ দিয়ে সজ্জা। ছবি: ভিডিয়ো থেকে সংগৃহীত।
বিভিন্ন রকমের অর্কিডের ফুল
অর্কিডের ফুলও অন্দরে মানানসই হতে পারে।
একটি স্পঞ্জে বেশ কয়েকটি নানা রঙের অর্কিড গেঁথে নিন। ছোট গোল ফুলদানিতে গাছের সবুজ পাতা কায়দা করে ভরে দিন। তার মধ্যে স্পঞ্জটি ঢুকিয়ে দিন। সুন্দর ভাবে সজ্জিত থাকবে অর্কিডের ফুলগুলি।
কারনেশন
দীপাবলিতে ফুল দিয়ে কী ভাবে ঘর সাজাবেন? ছবি:সংগৃহীত।
লম্বা ডাঁটি রেখে ফুলগুলি কাটুন। একই রঙের বদলে বাহারি ফুলও ব্যবহার করতে পারেন। শৌখিন ফুলদানিতে সাজিয়ে রাখলেই ঘর সুন্দর দেখাবে। ফুলে জড়িয়ে দিন আলোর চেন।