তারকাসুলভ চাকচিক্য নেই। সাবেক আসবাবেই বাড়ি সাজিয়েছেন তারকা দম্পতি অনুমপ ও কিরণ খের। মু্ম্বইতে তাঁদের বাড়ির অন্দরমহল আর পাঁচজন তারকার থেকে অনেকটাই আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, বাড়ির প্রতিটি কোনার নকশা নিজের হাতে করেছেন। প্রেমপর্ব থেকে অভিনয় জীবন, পুরস্কারপ্রাপ্তি, জীবনের ছোট ছোট স্মৃতিকে সোনার ফ্রেমে বাঁধিয়ে দেওয়াল সাজিয়েছেন। তাই আলাদা করে কৃত্রিম কারুকাজের প্রয়োজন হয়নি।
হালকা রং ও সাবেক আসবাবই পছন্দ কিরণের। ঘিয়ে রঙের দেওয়াল, সে রঙেরই মেঝে এবং উষ্ণ আলোয় অন্দরমহলে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বসার ঘরের সোফা সেটও হালকা ঘিয়ে রঙের, রয়েছে পুরনো দিনের আরামকেদারা। সর্ষে-হলুদ রঙের কুশন দিয়ে হালকা রঙের ছোঁয়া আনা হয়েছে। গ্লাস-টপ কফি টেবিলের উপরে আগেকার দিনের কায়দাতেই বই, শো-পিস রাখা হয়েছে। সে সব শো-পিসও বহু পুরনো দিনের বলেই জানিয়েছেন কিরণ। বিয়ের পর পর শখ করে সেগুলি কিনে দিয়েছিলেন অনুপম। সেই সব শো-পিস এখনও যত্ন করে সাজিয়ে রেখেছেন টেবিলে।
কাঠের আসবাবে ঘর সাজিয়েছেন কিরণ-অনুপম।
অনুপম-কিরণের অন্দরমহলের আরও একটি আকর্ষণ হল জর্জিয়ার গল্ফ ক্লাব থেকে কুড়িয়ে আনা পাইন কোন। কিরণের ছেলে সিকন্দর খের জর্জিয়ার একটি গল্ফ ক্লাবে গিয়ে সেটি কুড়িয়ে আনেন। তার পর সেটি দিয়েই শো-পিস বানিয়ে বসার ঘরে সাজিয়ে রাখেন।
উজ্জ্বল রং নয়, হালকা ঘিয়ে রঙেই সেজেছে দেওয়াল-মেঝে।
আসবাবেও সাবেক ছোঁয়া রয়েছে। তারকা দম্পতি জানিয়েছেন, কাঠের আসবাব, কাঠের জানলা-দরজাই পছন্দ তাঁদের। একটি ঘর থেকে অন্য ঘরে যাওয়ার দরজাও কাঠের। সেই পুরনো দিনের মতোই অনেকটা। ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্রের বেশির ভাগই কাঠ ও পিতলের। বহু প্রাচীন ‘অ্যান্টিক’ পিতলের নানা ঘর সাজানোর জিনিসও সংগ্রহে রয়েছে কিরণ ও অনুপমের। অভিনয়জীবনে যা যা পুরস্কারপ্রাপ্তি হয়েছে সেগুলিও সাজিয়ে রেখেছেন কাঠের টেবিলে। এমনকি দেওয়ালজোড়া কাঠের প্যানেলে সাজানো রয়েছে পারিবারিক অ্যালবামের নানা ছবি।
দামি শো-পিস নয়, স্মৃতি দিয়েই সেজেছে অন্দরমহল।
এ সব ছবিরও বৈশিষ্ট্য রয়েছে। ব্যক্তিগত জীবন এবং বর্ণাঢ্য অভিনয় জীবনের নানা স্মৃতিকে সোনার ফ্রেমে বাঁধিয়ে দেওয়াল সাজিয়েছেন তারকা দম্পতি।
নিজের হাতে ঘর সাজাতে ভালবাসেন কিরণ খের।
গাছপালাতেও বিশেষ আগ্রহ রয়েছে দু’জনেরই। নিজের হাতে নানা গাছ লাগাতে ভালবাসেন কিরণ ও অনুপম। বাড়ির বারান্দা, শোয়ার ঘর, বসার ঘরও সাজানো গাছ দিয়ে। ঘরে মায়াবী আবেশ আনতে হ্যারিকেন ল্যাম্প, লণ্ঠন, ওয়াল লাইট ও ফ্লোর ল্যাম্পের ব্যবহার বেশি করেছেন। কিরণ জানিয়েছেন, তাঁদের বাড়ি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেজেছে। আসবাব, রং, আলো সবেতেই প্রাকৃতিক ছোঁয়া রয়েছে। কারণ কৃত্রিমতা তাঁদের একেবারেই না পসন্দ।