ফ্রিজের বোটকা গন্ধে নাজেহাল হননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্ন ধরনের খাবার, কাঁচা মাছ-মাংস বা শাক-সব্জি থেকে যেমন এই ধরনের গন্ধ তৈরি হতে পারে, তেমনই জমে থাকা বরফ পরিষ্কার না হলে বা ফ্রিজের ভিতরে জমে থাকা অবাঞ্ছিত আবর্জনা থেকেও এই গন্ধ তৈরি হতে পারে। অনেক সময় ফ্রিজে রাখা খাবারেও সেই দুর্গন্ধ মিশে যায়, ফলে খাবারের স্বাদ বিগড়ে যায়। কোন উপায় রেহাই পাবেন এই সমস্যা থেকে? এই সমস্যা দূর করতে কাজে লাগাতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল।
আরও পড়ুন:
ফ্রিজ পরিষ্কার করার নাম শুনলেই অনেকের কান্না পায়। এই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ, তবে অ্যালুমিনিয়াম ফয়েল ফ্রিজে রাখলে রোজ রোজ এই ঝক্কি আর পোহাতে হবে না। ফ্রিজের ভিতরে ঝোল, সস্, দুধ আরও অনেক কিছুই পড়ে যায়। রোড রোজ সেগুলি পরিষ্কার করা হয় না বলেই দুর্গন্ধ হয়। তাকের উপর অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে রাখলে কিন্তু কোনও রকম তরল বা খাবারের অংশ ফ্রিজের তাকে পড়ার সম্ভাবনা থাকে না। সপ্তাহে এক বার করে অ্যালুমিনিয়াম শিট বদলে দিলেই ফ্রিজ থাকবে একেবারে পরিষ্কার আর ঝকঝকে। এ ছাড়া মাছের মতো যে খাবারগুলি থেকে ফ্রিজে গন্ধ ছড়াতে পারে, সেগুলি ফ্রিজে রাখার সময় পাত্রের গায়ে অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে রাখলেও সেই গন্ধ ফ্রিজে ছড়ায় না।
তবে অ্যালুমিনিয়াম ফয়েল রাখলেও নির্দিষ্ট সময় অন্তর ফ্রিজ পরিষ্কার করা জরুরি। বিশেষ করে, বর্ষার মরসুমে ফ্রিজ থেকেই ছড়াতে পারে সংক্রমণ। তাই সতর্ক থাকা প্রয়োজন।