শৌখিন বা কেতাদুরস্ত পোশাক, অন্তর্বাস কখনওই কাচা চলে না গরম জলে। কারণ, বেশ কিছু পোশাকের তন্তু বেশি তাপে নষ্ট হয়ে যায়। কিন্তু কাচাকাচির সময়ে তিন জিনিস গরম জলে কাচা জরুরি। অতিরিক্ত তাপ যেমন জমে থাকা ময়লা সহজে তুলে ফেলতে সাহায্য করে, তেমনই উচ্চ তাপমাত্রায় তা জীবাণুমুক্তও হয়ে যায়।
বিছানার চাদর এবং তোয়ালে: বিছানার চাদর কখনও কখনও খুব ময়লা হয়ে যায়। চাদর এবং স্নান, হাত মোছার তোয়ালে গরম জলে সাবান দিয়ে কাচা দরকার। তোয়ালে দ্রুত ময়লা হয়ে যায়। তা ছাড়া, ভিজে থাকলে তা থেকে জীবাণুর সংক্রমণও হতে পারে। গরম জলে কাচলে সাদা তোয়ালে যেমন পরিষ্কার থাকে, তেমনই পরিচ্ছন্নও থাকে। বিছানার চাদর যদি শৌখিন হয়, সুতির না হয় তা হলে অবশ্য গরম জলে কাচলে রং চটে যেতে পারে।
আরও পড়ুন:
ছোটদের জামা: ছোটদের জামা, প্যান্ট, কাঁথা—এগুলি জীবাণুমুক্ত করা খুব জরুরি। গরম জলে সাবান দিয়ে কাচলে, জামা খুব ভাল করে পরিষ্কার হয়। বিশেষত শিশুদের কাঁথা, গা মোছানোর তোয়ালে, মুখ মোছানোর সুতির কাপড়গুলি গরম জলে কাচা আবশ্যক।
রান্নাঘরের ন্যাতা: রান্নাঘরের গ্যাস মোছার কাপড় থেকে হেঁশেল পরিষ্কারের ন্যাতা অত্যন্ত দ্রুত তেলচিটে হয়ে যায়। দুর্গন্ধও হয়। এই ধরনের কাপড় বা ন্যাতা ভিজে থাকায় দ্রুত জীবাণু সংক্রমণ হয়। পরিচ্ছন্নতার বিচারে এগুলি গরম জলে কাচা উচিত।