Advertisement
E-Paper

৫৪ তলায় বিলাসবহুল পেন্টহাউস, হুসেনের শিল্পকর্ম দিয়ে সাজানো মাধুরী-গৃহ, রইল অন্দরসজ্জার ঝলক

মুম্বইয়ের লোয়ার পরলের একটি বহুতলের ৫৪ তলায় থাকেন মাধুরী দীক্ষিত এবং শ্রীরাম নেনে। অভিনেত্রীর পেন্টহাউসের অন্দরসজ্জায় আভিজাত্যের ছোঁয়া। সঙ্গে রয়েছে এমএফ হুসেনের শিল্পকর্ম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৩:২০
মাধুরীর গৃহসজ্জা।

মাধুরীর গৃহসজ্জা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের বাড়ি মানেই শুধু বিলাসবহুল আসবাব আর ঝাঁ চকচকে অন্দরসজ্জা নয়। তাঁর বাড়ি যেন আস্ত একটা শিল্পের জগৎ! সমুদ্রের বিস্তীর্ণ নীল জলরাশি, দেওয়ালে এমএফ হুসেনের আঁকা ছবি, এক কোণে গ্র্যান্ড পিয়ানো— অভিনেত্রীর মুম্বইয়ের পেন্টহাউসের অন্দরসজ্জায় আভিজাত্য যেমন রয়েছে, তেমনই রয়েছে ব্যক্তিগত পছন্দের ছাপ। তবে সমপরিমাণ কৃতিত্বের দাবিদার তাঁর স্বামী চিকিৎসক শ্রীরাম নেনেও।

মুম্বইয়ের লোয়ার পরলের একটি বহুতলের ৫৪ তলায় থাকেন মাধুরী। প্রায় ৫,৫০০ বর্গফুটের এই পেন্টহাউস থেকে আরব সাগরের বিস্তীর্ণ দৃশ্য চোখে পড়ে। সম্প্রতি পরিচালক ফরহা খান তাঁর রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে দম্পতির বাড়িতে যান। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে বাড়ির অন্দরমহলের নানা ঝলক।

মাধুরীর বাড়ির অন্যতম আকর্ষণ প্রখ্যাত শিল্পী মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি। মস্ত বসার ঘরের দেওয়ালে দেওয়ালে ছবিগুলি যেন আলাদা করে নজর কাড়ে। আধুনিক আসবাবের সঙ্গে শিল্পকর্মের এই মেলবন্ধন বাড়ির সাজে এনেছে নিজস্ব বৈশিষ্ট্য। বসার ঘরে রয়েছে একটি গাঢ় নীল বাঁকানো সোফা, আর একটি ঘিয়েরঙা সোফা, সঙ্গে চেয়ার এবং কমলা রঙের গোলাকার কফি টেবিল। আরও দু’টি উঁচু টেবিল রাখা রয়েছে বসার জায়গাতেই। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত জানলার সামনে সাদা পাতলা পর্দা থাকায় ঘরে প্রাকৃতিক আলোও ঢোকে।

খাওয়ার জায়গাটিও বেশ নজরকাড়া। ডিম্বাকৃতির মার্বেলের টেবিল, নীলচে ছাইরঙা গদিমোড়া চেয়ার এবং মাথার উপরে আধুনিক আলোর সাজ। তার পাশে রয়েছে সঙ্গীতচর্চার ব্যবস্থাও। গ্র্যান্ড পিয়ানোর পাশাপাশি গিটার ও ড্রামের মতো বাদ্যযন্ত্রের জন্যও রয়েছে নির্দিষ্ট জায়গা। পরিবারের সঙ্গীতপ্রীতির পরিচয় মেলে এই সাজে। ঘরের যত্র-তত্র ছড়ানো রয়েছে বড় বড় স্পিকারও। বিভিন্ন কোণে হরেক গাছও সাজানো রয়েছে।

এ ছাড়াও বাড়িতে রয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানোর ও বিনোদনের জন্য আলাদা বসার জায়গা। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম এবং সিনেমা দেখার উপযোগী আয়োজন রয়েছে সেখানে। ঘরের একটি বড় ছবিতে ধরা রয়েছে শ্রীরাম নেনে ও মাধুরীর জীবনের নানা দিক। বন্ধুর কাছ থেকে পাওয়া এই উপহার বাড়ির সাজে যোগ করেছে ব্যক্তিগত আবেগের ছোঁয়া।

বাড়ির রান্নাঘরে রয়েছে মসৃণ, আধুনিক নকশার আসবাব। কাঠের রং ও গাঢ় ধূসর রঙের আলমারি, পরিচ্ছন্ন কাউন্টার এবং আসবাবের ন্যূনতম সাজ রান্নাঘরটিকে দিয়েছে পরিপাটি চেহারা। হেঁশেলের দেওয়ালে রয়েছে উল্লম্ব বাগান, যা আধুনিক অন্দরসজ্জার মধ্যে সবুজের ছোঁয়া এনেছে।

মাধুরী ও শ্রীরামের বাড়ির অন্দরসজ্জায় তাই বিলাসিতার পাশাপাশি গুরুত্ব পেয়েছে তাঁদের নিজস্ব যাপন। শিল্পকর্ম, সঙ্গীত, আধুনিক নকশা আর পরিবারের স্মৃতি। সব মিলিয়ে বাড়িটি যেন তার বাসিন্দাদের রুচি ও পছন্দেরই প্রতিচ্ছবি।

Madhuri Dixit

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy