Advertisement
E-Paper

বাড়ির অন্দরসজ্জায় সলমন-যোগ! খাওয়ার টেবিলে গোটা টেনিস কোর্ট, সানিয়ার দুবাই-গৃহের ঝলক প্রকাশ্যে

নিজের বাড়ির অন্দরসজ্জার জন্য কারও উপর নির্ভর করেননি সানিয়া মির্জ়া। নিজের পছন্দ অনুযায়ী বাড়ির বিভিন্ন অংশ সাজিয়েছেন নিজেই। সানিয়ার কথায়, বাড়ির অন্দরসজ্জা করা তাঁর একটি গোপন প্রতিভা বা বলা যায়, শখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৩
সানিয়া মির্জ়ার গৃহসজ্জা।

সানিয়া মির্জ়ার গৃহসজ্জা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

একসময় টেনিস কোর্টে যাঁর পরিচয় ছিল দাপুটে চ্যাম্পিয়ন হিসাবে, অবসরের পরে তাঁর ঠিকানা দুবাইয়ের এক বিলাসবহুল বাড়ি। তবে শুধু ঝাঁ-চকচকে সাজ বা দামি আসবাব নয়, সানিয়া মির্জ়ার বাড়ির সর্বত্র রয়েছে তাঁর ব্যক্তিত্ব, পরিবার, বিশ্বাস এবং স্মৃতির ছাপও। সম্প্রতি অভিনেত্রী অর্চনা পূরণ সিংহ ও তাঁর পরিবারকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সানিয়া। তাঁদের ভ্লগেই প্রকাশ্যে এসেছে টেনিসতারকার গৃহের অন্দরসজ্জার ঝলক। আর সেখানেই নজর কেড়েছে বলিউড তারকা সলমন খানের বিশেষ চিহ্ন!

বাইরের বসার ঘর।

বাইরের বসার ঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

সানিয়ার বাড়ির অন্যতম বিশেষত্ব হল, অন্দরসজ্জার জন্য কারও উপর নির্ভর করেননি তিনি। নিজের পছন্দ অনুযায়ী বাড়ির বিভিন্ন অংশ সাজিয়েছেন নিজেই। তাঁর কথায়, বাড়ির অন্দরসজ্জা করা তাঁর একটি গোপন প্রতিভা বা বলা যায়, শখ।

অতিথিদের শোয়ার ঘর।

অতিথিদের শোয়ার ঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

বাড়ির সাজে চোখে পড়ে সোনালি, সাদা, অফ-হোয়াইট, পিচ এবং রয়্যাল নীলের ব্যবহার। পুরনো দিনের রাজকীয়তার সঙ্গে আধুনিক আরামের মেলবন্ধন ঘটেছে সেখানে। দেওয়ালে সোনালি নকশার ওয়ালপেপার, পুরনো দিনের ধাঁচের আসবাব, বড় ঝাড়বাতি এবং নানা অলঙ্কারের ব্যবহারে ঘরগুলিতে তৈরি হয়েছে এক ধরনের অভিজাত আবহ। এমন ভাবেই তৈরি করা হয়েছে বাইরের বসার ঘর। যেখানে পরিপাটি সাজ চোখে পড়ে।

ভিতরের বসার ঘর।

ভিতরের বসার ঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

কিন্তু ‘রাজকীয়’ বাইরের ঘর পেরোলেই ভিতরে ঘরোয়া আমেজ। সানিয়া এবং তাঁর পুত্র ইজ়হানের সংসারে অত নিয়মকানুনের বালাই নেই। বন্ধুরা এলে বাইরের বসার ঘরে নয়, ভিতরের বসার ঘরেই হাজির হন সোজা। সানিয়ার সেই আড্ডার ঘরে রয়েছে মস্ত এক টানা সোফা। যেখানে পরিপাটি সাজের চেয়ে অগোছালো ভাব বেশি চোখে পড়ে। আর সেই আমেজই আরও আন্তরিক করে তোলে বাড়িটিকে। সানিয়ার নিজের পছন্দ যে দ্বিতীয়টিই, তা তাঁর কথাতেই স্পষ্ট। তিনি সকলকে সেখানে এনেই বসান। ওই ঘরই বড়পর্দায় ক্রিকেট ম্যাচ থেকে টেলিভিশন অনুষ্ঠান দেখা, পরিবারের সঙ্গে গল্প-আড্ডা — সবেরই সাক্ষী।

অতিথিদের আরও একটি শোয়ার ঘর।

অতিথিদের আরও একটি শোয়ার ঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

সেখান থেকেই উঠে গিয়েছে সিঁড়ি। ডুপ্লে হাউসের ধাঁচে বানানো বাড়ির উপরের তলায় সানিয়া এবং তাঁর ছেলের ঘর। রয়েছে অতিথিদের জন্য বরাদ্দ দু’টি ঘরও। সানিয়া-পুত্রের ঘরটি বাড়ির অন্য অংশগুলির তুলনায় একেবারেই আলাদা। এখানে রাজকীয় সাজের বদলে গুরুত্ব পেয়েছে খেলা ও বিনোদনের অনুষঙ্গ। রয়েছে প্লে-স্টেশন, ফুটবল আকৃতির বিন ব্যাগ, ড্রাম সেট, ফুটবল টেবিল, পড়াশোনার টেবিল এবং বিছানা। সানিয়ার নিজের শোয়ার ঘরে রয়েছে অফ-হোয়াইট, সোনালি এবং সবুজের মিশেল। বড় বিছানাকে কেন্দ্র করে সাজানো ঘরটি একই সঙ্গে আরামদায়ক ও অভিজাত। শোয়ার ঘরে রাখা নিজের নামের একটি ছোট্ট বালিশ। সানিয়া মজার ছলে জানালেন, কোনও এক হোটেল থেকে তিনি নাকি চুরি করে এনেছিলেন সে বালিশ। সানিয়ার ঘর থেকেই সরাসরি পৌঁছে যাওয়া যায় মস্ত ওয়াক-ইন ওয়ার্ড্রোবে। যেখানে রয়েছে পোশাক, জুতো, ব্যাগ ইত্যাদির সম্ভার। আর ঘরের মাঝে বড় আয়না আর সাজের সরঞ্জাম।

পুত্র ইজ়হানের ঘর।

পুত্র ইজ়হানের ঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময়েই চোখ টানে দেওয়ালের বিশেষ শিল্পকার্য। বাড়ির অন্দরসজ্জার সবচেয়ে চমকপ্রদ সংযোজন, ১১টি ছবিতে নমাজ পাঠরত ব্যক্তির স্কেচ। আর সেই ছবিগুলি এঁকে সানিয়াকে উপহার দিয়েছেন সলমন।

সলমনের হাতে আঁকা ছবি।

সলমনের হাতে আঁকা ছবি। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

বাড়ির সবচেয়ে মজার জায়গাগুলির একটি হল ‘শো কিচেন’। নাম রান্নাঘর হলেও এখানে নিয়মিত রান্নাবান্না হয় না। সানিয়ার কথায়, সেই জায়গায় মূলত কফি তৈরি করা হয়। রান্নাঘরের জায়গাটিকে বরং বিনোদনের জায়গা হিসাবে ব্যবহার করা হয়েছে। এমনকি সেখানে রয়েছে টেবিল টেনিস খেলার টেবিলও। কিন্তু তাতে ধোঁয়াশা তৈরি হতে পারে। দেখতে টেনিস কোর্টের মতো হলেও খাওয়ার টেবিল হিসাবেও ব্যবহার করা যায় সেটি।

‘শো কিচেন’।

‘শো কিচেন’। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

আসল রান্নাঘরটি রয়েছে বাড়ির বাইরের দিকে, সুইমিং পুলের কাছাকাছি। সেখানেও ইজ়হানের খেলার জন্য আলাদা জায়গা রয়েছে। অর্থাৎ বাড়ির ভিতরের ‘শো কিচেন’ সাজসজ্জার অঙ্গ হিসাবে ধরা যেতে পারে। আর দৈনন্দিন রান্নার ব্যবস্থা বাড়ির থেকে আলাদা রাখা হয়েছে।

সানিয়ার শোয়ার ঘর।

সানিয়ার শোয়ার ঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

বাড়ির সবচেয়ে ব্যক্তিগত অংশগুলির একটি হল প্রার্থনার ঘর। এখানে কোরানপাঠ ও নমাজ চলে বলে জানালেন সানিয়া। রমজানের সময়ে পরিবার ও বন্ধুবান্ধব এই ঘরে একজোট হয়ে উপবাস ভাঙেন এবং খাওয়াদাওয়া করেন। এই ঘরের পরিবেশও ইচ্ছাকৃত ভাবে শান্ত রাখা হয়েছে। বাড়ির জাঁকজমকের মধ্যে এই জায়গাটি যেন একেবারেই অন্যরকম। ব্যস্ত জীবন থেকে কিছুটা থেমে থাকার জন্য নিজের একটি নিরিবিলি কোণ তৈরি করেছেন সানিয়া।

সানিয়ার সাজঘর।

সানিয়ার সাজঘর। অর্চনা পূরণ সিংহের ইউটিউব ভ্লগ থেকে।

Sania Mirza Celebrity Home Tour

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy