দু’কামরার ফ্ল্যাট, তার সঙ্গে মাননাসই ছোট হেঁশেল। খালি থাকলে ততটা সমস্যা না হলেও, অসুবিধা শুরু হয় রান্নাবান্নার সময়। কড়াইয়ে একটি রান্না বসিয়ে পাশে সব্জি কাটার বোর্ড রাখলেই তা স্ল্যাবের সিংহভাগ দখল করে বসে। প্রেশার কুকার কোথায় রাখবেন, জায়গা মেলে না। সব্জির ঝুড়িটা চলাফেরার জায়গা দখল করে বসে। আবার হেঁশেলের কাঠের আলমারির পাল্লা খুলতে গেলে কোনও কিছুতে ধাক্কা লাগে। ঠিক যে ছুরিটা দরকার, দেখা যায় সেটি ততক্ষণ কোনও মশলার প্যাকেটের নীচে ঢুকে গিয়েছে। তবে কৌশল জানলে অতি ছোট রান্নাঘরেও সব কিছু গুছিয়ে রাখা যায়, শান্তিতেই রান্না করা যায়। কোন অভ্যাস এই ব্যাপারে সাহায্য করতে পারে?
সকালের চা: সকালে অধিকাংশ বাড়িতেই চা দিয়ে দিন শুরু হয়। চা-পাতা, চিনি, গুঁড়ো দুধ হাতের কাছে নির্দিষ্ট জায়গায় রাখুন। কেটলি, চায়ের কাপ সাজিয়ে রাখুন নির্দিষ্ট তাকে। প্রাতরাশে যদি ডিম-টোস্ট খাওয়ার অভ্যাস থাকে, তবে ফ্রাইং প্যানটিকে রাখতে হবে হাতের কাছে। অনেকেই ছোট হেঁশেল গুছোতে গিয়ে দরকারি জিনিসও এমন জায়গায় ঢুকিয়ে ফেলেন, কাজের সময় যা চট করে মেলে না। বা সেটি বার করতে গেলে একগাদা বাসন নামাতে হয়।
কোথায় কোনটি রাখবেন: ফ্রিজ, গ্যাস অভেন এবং বেসিনের পারস্পরিক দূরত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ রান্নার সময় এই তিনটি জায়গাতেই সবচেয়ে বেশি ছোটাছুটি করতে হয়। গ্যাস অভেনের পাশেই রাখুন বেসিন। ফ্রিজটি যদি রান্নাঘরে না আঁটে, তা হলে এমন জায়গায় রাখতে হবে, যাতে রান্নার সময় সহজেই সেখান থেকে জিনিস বার করা যায়।
দেওয়ালও কাজে লাগুক: রান্নার গ্যাস অভেন রাখার পাথুরে স্ল্যাবটিকে জবরজং না করে দেওয়ালকে কাজে লাগান। ছোট ছোট হুক, তাক লাগিয়ে রেলিং ঝুলিয়ে দিতে পারেন হাতা-খুন্তি। সরু একটি তাকে মশলার কৌটো সাজিয়ে রাখলেই তা নাগালের মধ্যে থাকবে। হুকের সাহায্যে ঝুলিয়ে নেওয়া যায় চায়ের কাপ, কাঁচি। দরজার পিছনের অংশের হুকে ঝুলিয়ে দিন বাজারের থলি।
কাবার্ড কাজে লাগুক: হেঁশেলের দেরাজ বা কাবার্ডগুলি ছোট ছোট তাকে ভাগ করে নিন। এক একটি জিনিস এক এক জায়গায় রাখলে সুবিধা হবে। পাল্লার বদলে শাটার ব্যবহার করুন, তা হলে পাল্লায় ধাক্কা লাগার সমস্যা কমবে।
চাকা দেওয়া ঝুড়ি বা ট্রলি: চাকা লাগানো একাধিক তাক দেওয়া ঝুড়ি ছোট হেঁশেলের উপযোগী। সব্জি থেকে মশলা, তাকগুলিতে সাজানো যায়। এগুলি উল্লম্ব ভাবে থাকে বলে বেশি জায়গা লাগে না। চাকা লাগানো ট্রলি থাকলে এক এক বেলার রান্না করে সেখানে সাজিয়ে রাখতে পারেন। এতেও স্ল্যাব খালি রাখা সম্ভব।