কচিকাঁচারা রশি ধরে রথ টানছে। ছোট ছোট রথ সাজানো হয়েছে সুন্দর করে। রঙিন জামা পরে খুদেরা টলমল পায়ে সেই রথ নিয়েই ঘুরছে। রথযাত্রার দিনের এমন ছবি বড়ই মধুর।
খুদেরা যে রথগুলি টানবে, সেই রথ নিজেদের মতো করে বাড়িতেই সাজিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও আবার রথ সাজানোর প্রতিযোগিতাও হয়। শেষবেলায় তড়িতড়ি রথ সাজাবেন কী করে?
ক্লে
রঙিন ক্লে দিয়ে সাজিয়ে ফেলা যায় রথ। ছবি:এআই দিয়ে তৈরি
ছোটদের খেলার জন্য রঙিন ক্লে পাওয়া যায়। জিনিসটি মাটির মতো হলেও ঠিক মাটি নয়, কৃত্রিম এবং নরম। তা দিয়ে ফুল, পাখি, পাতা, ইচ্ছামতো আকৃতি তৈরি করা যায়। ছোটদের সঙ্গে হাত লাগিয়ে এমন কিছু বানিয়ে ফেলুন। রথের সজ্জায় এগুলি বেশ মানাবে।
রঙিন কাগজ
কাগজ দিয়েও রথ সাজানো যায়। ছবি:এআই দিয়ে তৈরি
রথের চারটি স্তম্ভ, রথের মাথাটি রঙিন কাগজ দিয়ে মুড়ে দিন। কাগজ দিয়ে খুদে যে সমস্ত ফুল-পতাকা বানায়, সেগুলি দিয়েই সাজিয়ে দিন রথ। ব্যবহার করতে পারেন ফুলের মালা কিংবা রঙিন কাগজের শিকলি। ছোটদের বানানো ফুল, প্রজাপতি ব্যবহার করলে তারাও খুশি হবে।
হাতে আঁকা ছবি
ছবি দিয়েও রথ সাজাতে পারেন। ছবি:এআই দিয়ে তৈরি
ছোটরা নানা ধরনের ছবি আঁকে। সেই সব ছবিও রথ সাজানোর কাজে ব্যবহার করা যায়। ছোট ছোট পোস্টকার্ডে তাদের আঁকতে বলুন। সেগুলি দড়ি দিয়ে ঝুলিয়ে দিন। রথের চার দিকে দড়ি বেঁধে দিন। ছোট ক্লিপের সাহায্যে রকমারি ছবি চার দিকে আটকে দেওয়া যায়।
পাতা এবং ফুল
পাতা এবং ফুল দিয়ে সাজিয়ে নিন রথ। ছবি:এআই দিয়ে তৈরি।
যে কোনও ফুল দিয়েই রথ সাজানো যায়। ছোট ছোট পাতা মালার মতো গেঁথে নিন। দড়ি দিয়ে সেগুলি রথের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সাজিয়ে নিন।
রঙিন কাপড়
রঙিন কাপড়ের টুকরো দিয়ে সাজিয়ে ফেলুন খুদের ছোট্ট রথ। কাপড়ের ফুল, রকমারি আকৃতিও ব্যবহার করতে পারেন।