Advertisement
E-Paper

বাড়ির ছাদেই টবে ফলান টাটকা রসুন! সহজ কয়েকটি ধাপ মেনে চললেই হাতের নাগালে জরুরি মশলা

বাড়ির বারান্দায় বা ছাদে টবেই খুব সহজে রসুন ফলানো যায়। আর মজার ব্যাপার হল, টবে রসুন লাগানোর আদর্শ সময় আসন্ন। সেপ্টেম্বর থেকেই রসুন চাষ করার উপযুক্ত আবহাওয়া তৈরি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৮:৫৪
বাড়িতে রসুন ফলাতে চান? এখনই আদর্শ সময়!

বাড়িতে রসুন ফলাতে চান? এখনই আদর্শ সময়! ছবি: এআই সহায়তায় তৈরি।

খাবারে রসুন লাগবে। অথচ বাজারের ঝুড়িতে নেই। তার জন্য অনলাইন শপিং অ্যাপ খুলতে হবে না। চাইলে বাড়ির বারান্দা বা ছাদ থেকেই জোগান মিলতে পারে রান্নাঘরের অতি প্রয়োজনীয় এই মশলার। টাটকা মাটি থেকে তুলে সরাসরি দেওয়া যাবে রান্নায়। কী ভাবে?

বাড়ির বারান্দায় বা ছাদে টবেই খুব সহজে রসুন ফলানো যায়। আর মজার ব্যাপার হল, টবে রসুন লাগানোর আদর্শ সময় আসন্ন। সেপ্টেম্বর থেকেই রসুন চাষ করার উপযুক্ত আবহাওয়া তৈরি হয়।

কিন্তু কী ভাবে বাড়ির টবে রসুন ফলাবেন? কী কী বিষয় মাথায় রাখবেন? জেনে নিন।

উপযুক্ত সময়

রসুন মূলত শীতকালীন ফসল। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস টবে রসুন লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। হালকা ঠান্ডা আবহাওয়া রসুনের কোয়া থেকে শিকড় ও পাতা গজাতে সাহায্য করে।

টবে রসুন চাষের সহজ পদ্ধতি

টব ও মাটি: রসুনের শিকড় খুব বেশি গভীরে যায় না, তাই ৮-১০ ইঞ্চি গভীর এবং জল নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত চওড়া টব বা প্লাস্টিকের পাত্র বেছে নিন। দোআঁশ মাটির সঙ্গে ৪০ শতাংশ জৈব সার ( গোবর সার বা ভার্মিকম্পোস্ট ) এবং কিছুটা বালি মিশিয়ে হালকা ও উর্বর মাটি তৈরি করুন।

রোপণ: বাজার থেকে বড় মাপের পরিচ্ছন্ন দেখতে রসুন এনে কোয়াগুলো আলাদা করে নিন, তবে খোসা ছাড়াবেন না। কোয়ার চ্যাপ্টা বা চওড়া দিকটি নীচে এবং সুচালো দিকটি উপরের দিকে রেখে মাটিতে ২ ইঞ্চি গভীরে পুঁতে দিন। দু’টি কোয়ার মধ্যে অন্তত ৪-৬ ইঞ্চি দূরত্ব রাখুন।

আলো ও জল: টব এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ পায়। মাটিতে আর্দ্রতা বজায় রাখার জন্য জল দিন, তবে অতিরিক্ত জল দেবেন না। কারণ, তাতে কোয়া পচে যেতে পারে।

পরিচর্যা: গাছ একটু বড় হলে পাতা হলুদ হতে শুরু করলে জল দেওয়া কমিয়ে দিন। মাটির পুষ্টি বৃদ্ধি করতে মাঝে মাঝে খোল-পচা জল দেওয়া যেতে পারে।

ফসল তুলতে পারবেন কখন?

গাছ লাগানোর প্রায় ৪-৫ মাস পর অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে যখন গাছের পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে আসবে, তখন বুঝবেন রসুন তোলার উপযুক্ত সময় হয়েছে। মাটি হালকা করে খুঁচিয়ে কোদাল বা হাতের সাহায্যে রসুন তুলে রোদে শুকিয়ে সংরক্ষণ করুন।

garlic home garden Kitchen Garden

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy