মাঝেমধ্যেই মিষ্টি কিছু খেতে ইচ্ছা হয়? ঘরে বানিয়ে রাখুন মিষ্টি মুখরোচক স্ন্যাক্স। শেখালেন রন্ধনশিল্পী কুণাল কপূর। কাঠবাদাম দিয়ে বানানো খাবারটি কিন্তু ততটাও অস্বাস্থ্যকর নয়। চিনি থাকলে ক্যালোরি বৃদ্ধির ভয় থাকে। তবে একেবারে বেশি না খেয়ে, মাঝেমধ্যে কয়েকটি করে খাওয়া যেতেই পারে।
আমন্ড, চিনি, দারচিনি দিয়ে বানিয়ে ফেলুন খাবারটি। ছবি: কুনাল কপূরের ইনস্টাগ্রাম পেজ থেকে।
বানানো খুব সহজ। লাগবে এক কাপ কাঠবাদাম, আধ কাপ চিনি, ১/৪ কাপ জল, এক চা-চামচ ভ্যানিলা এসেন্স, আধ চা-চামচ দারচিনিগুঁড়ো।
আরও পড়ুন:
প্রথমেই কাঠবাদাম শুকনো খোলায় বা মাইক্রোওয়েভ অভেনে রোস্ট করে নিন। রন্ধনশিল্পী কুণাল কপূর বলছেন মাইক্রোওয়েভ অভেন প্রিহিট করে রেখে আড়াই মিনিট সেটি রোস্ট করে নিতে। এতে বাদাম মুচমুচে হয়ে যাবে।
কড়াইয়ে নিতে হবে চিনি, তাতে জল দিয়ে নাড়তে থাকুন। চিনি ক্রমশ বাদামি হতে থাকবে। যোগ করুন কাঠবাদাম। দিন ভ্যানিলা এসেন্স এবং দারচিনিগুঁড়ো। বাদাম ক্রমাগত নাড়তে হবে। একসময় চিনির রস শুকিয়ে বাদামের গায়ে চটচটে হয়ে লেগে যাবে। এই অবস্থায় সেটি টিস্যু পেপারে ছড়িয়ে ঠান্ডা করে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে বা বায়ুনিরোধী কৌটোয় ভরে রাখুন।