চিজ়, মেয়োনিজ় দেওয়া স্যান্ডউইচ অত্যন্ত সুস্বাদু। মুখে দিলেই ক্রিমের মতো পরত থেকে যেন স্বাদের বিস্ফোরণ হয়। কিন্তু নিয়ম করে চিজ়, মেয়োনিজ় খেলে বাড়তে পারে ওজন। তা ছাড়া, কখনও কখনও মোক্ষম সময়ে তা ফুরিয়েও যায়। তখন কী করবেন?
কৌশল ১: ডিম হাফ বয়েল বা অর্ধসেদ্ধ করে নিন। ফুটন্ত জল থেকে ডিম সোজা বরফ জলে ডুবিয়ে রাখুন। এতে কুসুম নরম থাকবে আবার খোসা ছাড়ানোও সহজ হবে। পাউরুটিতে মাখন মাখিয়ে হালকা করে সেঁকে নিন। অর্ধসেদ্ধ ডিম পাউরুটির উপর রেখে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিন। পেঁয়াজকুচি, স্বাদমতো নুন, গোলমরিচ, ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। বড়রা খেলে, দিতে পারেন কাঁচালঙ্কাকুচিও। উপর থেকে সেঁকা মাখন মাখানো পাউরুটি দিয়ে কোনাকুনি করে কেটে নিন। ডিমের অর্ধ তরল কুসুমের জন্য পাউরুটির পুর শুকনো হবে না। ক্রিমের মতো ভাব থাকবে।
আরও পড়ুন:
কৌশল ২: আলু এবং ডিম সেদ্ধ স্বাদমতো নুন, দুধ, মাখন এবং চিলিফ্লেক্স দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করতে পারেন অরিগ্যানো। মিশ্রণটি পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলুন।
কৌশল ৩: শুনলে অবাক লাগবে, তবে দেশি কৌশল কাজেরও। দুধ অনেকের সহ্য হয় না। সেদ্ধ ডিম থাকলে, ভাতের ফ্যান এবং স্বাদমতো নুন দিয়ে সেটি মিক্সারে ঘুরিয়ে নিন। ক্রিমের মতো হয়ে যাবে। পেঁয়াজকুচি, গোলমরিচ মিশিয়ে নিন। এটি পুর হিসেবে ব্যবহার করে স্যান্ডউইচ বানালেও, তা সুস্বাদু হবে। চাইলে যোগ করতে পারেন চিলি ফ্লেক্সও।