ভারতীয় হেঁশেলে আদা-রসুন বাটা প্রায় প্রতিদিনই কাজে লাগে। তা সে কষা কষা মাংসের ঝোল হোক বা কোনও তরকারি। রান্নার স্বাদ এবং গন্ধ বাড়িয়ে দেয় এক চামচ মিশ্রণ। কিন্তু প্রতি বার রান্নার আগে আদা-রসুন ছাড়িয়ে বেটে নেওয়া বেশ সময়সাপেক্ষ। তাই এক বারে কিছুটা মিশ্রণ বানিয়ে সংরক্ষণ করে রাখলে রান্নার সময় অনেকটাই কমে যায়। অনেকে তা করেনও। কিন্তু সমস্যা বাধে সেটার সংরক্ষণ নিয়ে। খামখেয়ালি আবহাওয়ায় সেই বাটা আদা-রসুন নষ্ট হতে বেশি সময় নেয় না। তার জন্যই একটি ছোট্ট কৌশল অবলম্বন করা যেতে পারে। সমাজমাধ্যমে দেখে ইতিমধ্যে এই টোটকা প্রয়োগ করতে শুরু করে দিয়েছেন অনেকেই।
আদা-রসুন বাটা দিয়ে রান্না। ছবি: এআই সহায়তায় প্রণীত
কী ভাবে বাটবেন আদা-রসুন?
কী কী প্রয়োজন—
২০০ গ্রাম আদা
২০০ গ্রাম রসুন
৩-৪ টেবিলচামচ সর্ষের তেল
আধ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ নুন
কী ভাবে বাটবেন—
• অর্থাৎ কেবল আদা আর রসুন নিয়ে বেটে নিলেই হবে না। আরও তিনটি উপকরণ যোগ করে তা বেটে রাখা উচিত। তবেই মেয়াদ বাড়বে মিশ্রণের।
• প্রথমে টাটকা আদা ও রসুনের খোসা ছাড়িয়ে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন।
• এর পর সেই দু’টিকে খুব ভাল করে শুকিয়ে নিতে হবে। যেন আর্দ্রতা না থাকে কোনও প্রকার। আদা ও রসুনের বাটার মেয়াদ বাড়ানোর জন্য জল বা জলীয় ভাবের অনুপস্থিতিই সবচেয়ে বেশি দরকার। নয়তো দ্রুত কালচে হয়ে যাবে।
• সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আদা ও রসুন ছোট টুকরো করে কেটে নিন।
• এ বার মিক্সারে আদা ও রসুন দিয়ে এক বার বেটে নিন। কোনও জল দেওয়া যাবে না।
• তার পর এতে নুন, তেল এবং হলুদ মিশিয়ে ঘুরিয়ে নিতে হবে।
• মিহি করার জন্য প্রয়োজন হলে আরও একটু তেল দিতে পারেন। জল না দিয়েও মিক্সারে সহজেই পেস্ট তৈরি করা যায়।
সংরক্ষণ করবেন কী ভাবে—
পেস্ট তৈরি হয়ে গেলে সেটি কোনও পরিষ্কার, শুকনো এবং বায়ুনিরোধী কাচের পাত্রে ভরে রাখুন। পাত্রে যেন কোনও জল না থাকে, সে দিকে বিশেষ নজর দিন। মিশ্রণের উপরে অল্প তেলের একটি স্তর করে দিলে বাতাসের সংস্পর্শ কমানো যায় এবং পেস্টের মেয়াদ বাড়াতে সাহায্য করতে পারে। তার পর দরকারে ফ্রিজে ভরে রেখে দিতে পারেন। পেস্ট বার করার সময়ে সর্বদা পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন। ভেজা চামচ দিয়ে বার বার পেস্ট তুললে পাত্রের ভিতরে আর্দ্রতা ঢুকে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।
তবে আরও একটি ভাল উপায় রয়েছে। জল দিয়েও আদা আর রসুন বেটে নিতে পারেন। তবে তার পরই বরফের ট্রেতে সেগুলি ভরে ফ্রিজ়ারে রেখে দিন। সেখানে বহু দিন পর্যন্ত টাটকা থাকবে আদা-রসুন বাটা।