বাজারে গিয়ে বেগুন কিনতে গিয়ে বার বার ঠকে যান? কখনও পোকা ধরা বেগুন নিয়ে আসেন, কখনও আবার শুকনো বেগুন? সব্জি চেনা যতটা সহজ মনে হয়, সবসময়ে ততটা নয়। অনেক সময়ে যে সব্জি দেখে তাজা মনে হচ্ছে, দেখা যায়, আদতে তা টাটকা নয়। বিশেষত যাঁদের বাজার করার অভিজ্ঞতা কম, তাঁদের ঠকে যাওয়ার ভয় বেশি।
দিল্লি নিবাসী পুষ্টিবিদ হিমাংশি শর্মা এক সাক্ষাৎকারে জানাচ্ছেন, সহজ পরীক্ষাতেই পরখ করা যায় বেগুন কতটা ভাল। শুধু কৌশল জানলেই হবে।
১। আঙুল দিয়ে বেগুনে আলতো চাপ দিন। বেগুন শক্ত ইটের মতো যেমন হবে না, তেমনই তলতলেও হবে না। চাপ দেওয়ার সময়ে হালকা নরম থাকলে বুঝতে হবে বেগুনটি ভাল। বেশি শক্ত মানে সেটি কাঁচা হতে পারে। বেশি নরম হয়ে গেলে বুঝতে হবে, ভিতর থেকে নষ্ট হতে শুরু করেছে।
২। রঙেও চেনা যায় বেগুন। ভাল বেগুনের রং হবে উজ্জ্বল বেগনি, সবুজ বা নীলচে(প্রজাতি অনুযায়ী)। গা হবে একেবারে মসৃণ। বেগুনে যদি ছোট ছিদ্র থাকে বা কোনও অংশ কালচে মনে হয়, সেটি বাদ দেওয়া দরকার।
৩। বেগুনের গায়ের রঙের পাশাপাশি বৃন্তটিও পরখ করে নেওয়া যেতে পারে। সেটি সবুজ এবং সতেজ হলে বুঝতে হবে বেগুনটি টাটকা। সাধারণত, খসখসে হয়ে যাওয়া, গায়ে ছিটে থাকা বেগুন ভাল হয় না।
৪। বেগুনের আকার বড় হলেই তা স্বাদু হবে এমন নয়। বেগুনেরও বিভিন্ন রকম প্রজাতি আছে। মাঝারি বা ছোট মাপের বেগুনও স্বাদু হয়। সাধারণত, শীতকালের বেগুনের স্বাদ খুব ভাল হয়।