ধোঁয়া ওঠা গরম ভাত হোক কিংবা ঝরঝরে পোলাও, তার সঙ্গে খাসির মাংসের ঝোল, কষা বা যে কোনও পদই লোভনীয়। কিন্তু কষিয়ে রাঁধা সেই ঝোলের নরম মাংস মুখে দিতেই যদি খাসির বোটকা গন্ধ নাকে আসে, খাওয়ার ইচ্ছাটাই চলে যেতে পারে। অনেকেই আছেন, মাংস ভালবাসলেও, শুধু পাঁঠা বা খাসির মাংস থেকে অন্য রকম গন্ধ ছাড়ে বলে খেতে পারেন না। গন্ধ দূর করে রেস্তরাঁর মতো রান্নার কৌশল শিখিয়ে দিলেন দীর্ঘ দিনের রান্নার অভিজ্ঞতা সম্পন্ন রন্ধনশিল্পী মোবাসীর হসন।
১। খাসির মাংস রান্নার সময় বোটকা গন্ধ মাংসের থেকে বেশি চর্বি থেকে আসে। চর্বির ফ্যাটি অ্যাসিড এর জন্য দায়ী। গন্ধ দূর করতে হলে চর্বির অংশটা যথাসম্ভব বাদ দিন।
২। মাংস পাতিলেবুর রস এবং নুন মেশানো ঠান্ডা জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। নুন এবং লেবুর রসের মিশ্রণে কাঁচা মাংসের বোটকা গন্ধ দূর হবে। পাতিলেবুর রসে মাংস নরমও হবে।
৩। টক দই এবং আদা-রসুন বাটা মাংসে মাখিয়ে রাখুন অন্তত এক ঘণ্টা। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড মাংসের গন্ধ কমাবে। আদার রস মাংস নরম করবে, বাড়তি সুগন্ধ যোগ করবে।
৪। মাংস রান্নার সময় গোটা গরমমশলার ব্যবহার জরুরি। তেলে এলাচ এবং লবঙ্গের নির্যাস মিশলে তা মাংসের ভিতর পর্যন্ত যায়, যা বোটকা গন্ধ কমাতে এবং সুগন্ধ যোগ করতে সাহায্য করে।