নুডল্স খেতে কার না ভাল লাগে। ডিম, সব্জি, চিকেন বা চিংড়ি দিয়ে নুডল্স বানিয়ে দিলে ছোটরাও তা চেটেপুটে খাবে। তবে নুডল্স শুধুই কি এক ভাবে রেঁধে খেতে ভাল লাগে? ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপিতে নুড্লস বানালে মন্দ হয় না। তবে নানা রকম বলতে হাক্কা, চিলি গার্লিক বা সেজ়ুয়ানের কথা বলা হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে নুডল্স খাওয়া হয় তাদের নিজস্ব রেসিপিতে। কেউ নুডল্স বানান তেঁতুল ক্বাথ দিয়ে, কেউ মেশান গুড়, আবার কোনও দেশের নুডল্স একদম স্বচ্ছ কাচের মতো, যাকে বলে গ্লাস নুডল্স। যদি অন্যরকম রেসিপিতে রেঁধে খেতে হয়, তা হলে চেষ্টা করে দেখতেই পারেন।
পাড থাই
পাড থাই
তাইল্যান্ডের খুবই পছন্দের একটি খাবার। সেখানকার স্ট্রিট ফুডগুলির মধ্যে বেশ জনপ্রিয়। রাইস নুডল্স ছোট ছোট চিকেনের টুকরো, পনির, চিংড়ি, ডিম, অঙ্কুরিত মুগ ও তেঁতুলের ক্বাথ দিয়ে রেঁধে খাওয়া হয়। গরম জলে ভেজানো রাইস নুডল্স প্যানে তেল দিয়ে পনির, রসুন ও ডিমের সঙ্গে সাঁতলানো হয়। তার পর গুড়, তেঁতুলের ক্বাথ ও সয়া সস ঢেলে নেড়েচেড়ে অঙ্কুরিত মুগ ও সামান্য জল দিয়ে টস করা হয়। পরিবেশনের সময় উপরে ভাঙা চিনেবাদাম ও লেবুর রস ছড়িয়ে দেওয়া হয়।
জাপানের রামেন
জাপানের রামেন
জাপানের জনপ্রিয় স্যুপ-নুডল্স। আদা, রসুন, সয়া সস ও চিকেনের স্টক ফুটিয়ে সুন্দর গন্ধযুক্ত ব্রথ তৈরি করা হয়। আলাদা ভাবে সেদ্ধ করা নুডল্স একটি বাটিতে নিয়ে উপর থেকে ফুটন্ত গরম ব্রথ ঢেলে দেওয়া হয়। অর্ধেক কাটা সেদ্ধ ডিম, পেঁয়াজশাক ও নানা রকম সব্জি মিশিয়ে গরম গরম পরিবেশন করা হয়।
ভিয়েতনামের ফা
ভিয়েতনামের ফা
ভিয়েতনামের জাতীয় খাবার ‘ফা’। পুষ্টিকর উপায়ে তৈরি রাইস নুডল্স। দারচিনি, এলাচ, মৌরি, স্টার-অ্যানিস সহ নানা রকম মশলা ফুটিয়ে ঝোল বানানো হয়। বাটিতে সেদ্ধ নুডল্স রেখে তার উপর সব্জি ও মাশরুম দিয়ে সাজিয়ে গরম ঝোল ঢেলে দেওয়া হয়। প্রচুর পরিমাণে বেসিল, পুদিনাপাতা ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করা হয়।
সি-ফুড লাকসা
সি-ফুড লাকসা
মালয়েশিয়া, সিঙ্গাপুরে এই ধরনের নুডল্স বিখ্যাত। গলদা চিংড়ি বেটে তার সঙ্গে শুকনো লঙ্কা, লেমনগ্রাস ও নানা ধরনের মশলা মিশিয়ে লাকসা বানানো হয়। এর সঙ্গে নারকেলের দুধ মিশিয়ে স্যুপ তৈরি করা হয়। এই স্যুপে নুডল্স, কুচো চিংড়ি ও টোফু মিশিয়ে পরিবেশন করা হয়।
কোরিয়ার চপচে
কোরিয়ার চপচে
কোরিয়ান স্টিমড গ্লাস নুডল্স পালংশাক, গাজর, ক্যাপসিকাম, মাশরুম দিয়ে রাঁধা হয়। নুডল্স সেদ্ধ করে তাতে তিলের তেল মাখিয়ে রাখা হয়। সমস্ত সব্জি আলাদা করে ভেজে নিয়ে তার সঙ্গে নুডল্স, আদা-রসুনকুচি মিশিয়ে ভাল করে মেখে নেওয়া হয়। উপর থেকে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করা হয়।