Advertisement
E-Paper

পকোড়া বা কবাব নয়, পুজোর আড্ডা জমবে চিকেনের রকমারি ফিউশন স্ন্যাক্সে, রইল ৩ প্রণালী

ঘরোয়া আড্ডায় চিকেনের কী বানাবেন? পকোড়া বা কবাব নয়, ফিউশন স্ন্যাক্স বানিয়ে সকলকে অবাক করে দিতে পারেন। ঠিক রেস্তরাঁর স্বাদেই চিকেনের রকমারি ফিউশন স্ন্যাক্স তৈরির সহজ প্রণালী জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৮:৩৫
Puja Special Culinary Delights, Chicken Snack Recipes for Home Parties

চিকেনের রকমারি ফিউশন স্ন্যাক্স তৈরির সহজ প্রণালী। ছবি: ফ্রিপিক।

পুজোর ক’টা দিন মণ্ডপে মণ্ডপে ঘুরে আর রাত জেগে বন্ধুদের আড্ডায় কেটে যাবে। তবে পুজোর জমাটি আড্ডায় মুখরোচক কিছু না থাকলে বড্ড পানসে হয়ে যাবে। চেনা চিকেন পকোড়া কিংবা কবাব তো বছরভর অনেক খেলেন, এই শারদীয়ায় রসনাবিলাসে একটু অন্য স্বাদ আনলে কেমন হয়? সন্ধ্যার আড্ডায় গরম কফি বা চায়ের সঙ্গে যদি প্লেটে হাজির হয় অন্য স্বাদের ফিউশন স্ন্যাক্স, তবে আড্ডার মেজাজ জমে ক্ষীর হতে বাধ্য!

চিকেন ডিনামাইট রোল

চিকেন ডিনামাইট রোল

চিকেন ডিনামাইট রোল

মুচমুচে রোলের ভিতরে ঝাল ঝাল চিকেনের পুর খেতে মন্দ লাগবে না। এটি বানাতে কিমা করা চিকেন ২০০ গ্রাম নিয়ে ভাল করে ধুয়ে নুন-লেবুর রস মাখিয়ে রেখে দিন। এ বার ডিনামাইট সস বানিয়ে নিন। তার জন্য ৪ চামচের মতো মেয়োনিজ়, টম্যাটো ক্যাচআপ ও চিলি সস ২ চামচ করে নিতে হবে, সঙ্গে ১ চামচ মধু ও ১ চা-চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে রাখুন। প্যানে সামান্য তেল দিয়ে ১ চামচ রসুনকুচি দিয়ে চিকেন কিমা ভেজে নিন। এ বার তাতে আধ চামচ সয়া সস, আধ চামচ গোলমরিচগুঁড়ো, নুন ও স্প্রিং অনিয়ন মিশিয়ে পুর বানিয়ে নিন। ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ভাল করে মেখে পাতলা করে বেলে নিন। তার মধ্যে পুর ভরে রোলের মতো পেঁচিয়ে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। এ বার তৈরি করে রাখা ডিনামাইট সস ছড়িয়ে পরিবেশন করুন।

চিকেন স্ট্রিপ

চিকেন স্ট্রিপ

চিকেন স্ট্রিপ

হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কেটে তাতে নুন, লেবুর রস, গোলমরিচ, রসুনবাটা মাখিয়ে নিন। অন্তত এক ঘণ্টা মাংসে মশলা মাখিয়ে রাখলে স্বাদ ভাল হবে। মশলা মাখানো মাংস প্রথমে ময়দা মাখিয়ে গুলে রাখা ডিমে ডুবিয়ে নিন। তার পর গুঁড়ো করা কর্নফ্লেক্স মাখিয়ে ভেজে নিন। মেয়োনিজ বা পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

কোরিয়ান হানি বাটার চিকেন বাইট

কোরিয়ান হানি বাটার চিকেন বাইট

কোরিয়ান হানি বাটার চিকেন বাইট

ঝাল ও মিষ্টি স্বাদের এই স্ন্যাক্স সকলেরই পছন্দ হবে। হাড় ছাড়া প্রায় ২৫০ গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিতে হবে। টুকরোগুলিতে নুন, লেবুর রস, রসুনের রস ও সয়া সস মাখিয়ে রেখে দিন। এ বার টুকরোগুলি কর্নফ্লাওয়ারে মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে ২ চামচের মতো মাখন গরম করে তাতে এক চামচের মতো রসুনকুচি দিয়ে হালকা হাতে নাড়ুন। এ বার তাতে মধু, সামান্য সয়া সস ও সামান্য জল দিয়ে নেড়ে ফুটে উঠলে ভাজা চিকেনগুলি দিয়ে দিন। ভাল করে সসের সঙ্গে চিকেনের টুকরোগুলি নাড়াচাড়া করতে হবে। নামানোর আগে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন।

Chicken Recipes Snacks Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy