রবিবারের অলস বিকেলে চা বা কফির সঙ্গে মুচমুচে ‘টা’ না হলে কি আর আড্ডা জমে! বৃষ্টির দিনের সন্ধ্যা মানেই মুখরোচক স্ন্যাক্স। তবে রোজ রোজ চপ-কাটলেট বা চিপ্স-নাচোস খেলে লিভারের বারোটা বাজবেই। এখন তো আবার চিকিৎসকেরা বলছেন, দোকান থেকে কেনা যাবতীয় স্ন্যাক্সেই মিশে রয়েছে রাসায়নিক। আবার প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত স্ন্যাক্সেও বিপদ। তা হলে কী খাবেন?
তেল ছাড়াই যদি স্ন্যাক্স বানানো যায়? সুস্থ থাকতে এবং স্বাদের সঙ্গে আপস না করেই তৈরি করা যাবে এমন কিছু স্ন্যাক্স যা বানাতে বিন্দুমাত্র তেল লাগবে না। কী ভাবে বানাবেন?
সুজির ডাম্পলিং
সুজির ডাম্পলিং
এক কাপের মতো সুজি, দই ও সামান্য নুন দিয়ে মেখে মণ্ড তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। ছোট ছোট টুকরো করে গাজর, ক্যাপসিকাম, ভুট্টার দানা ও পনির সামান্য সাঁতলে নিন। তাতে গোলমরিচ ও সয়া সস মেশান। এ বার সুজির মণ্ড থেকে লেচি কেটে ভিতরের সব্জির পুর ভরে মোমোর মতো গড়ে নিন। মোমোর আকার না দিতে পারলে পুর ভরে ছোট পুঁটলির মতোও গড়ে নিতে পারেন। স্টিমারে ১০-১২ মিনিট ভাপিয়ে ধনেপাতার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
মুসুর ডাল ও পালং শাকের ভাপা স্ন্যাক্স
মুসুর ডাল ও পালং শাকের ভাপা স্ন্যাক্স
মুসুর ডাল পরিমাণমতো নিয়ে তা ভিজিয়ে রাখুন। এ বার তা বেটে নিন। বাটা ডালের মধ্যে কুচনো পালং শাক, আদা-রসুন বাটা, সামান্য হিং, জোয়ান ও চাটমশলা দিয়ে বেটে নিয়ে লম্বাটে চপের মতো গড়ে নিন। ইডলি মেকার বা থালায় (সামান্য ঘি মাখাতে পারেন, তেল নয়) সেগুলি রেখে ১৫ মিনিট ভাপিয়ে নিন। পুদিনা বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশ করুন।
বেকড স্টাফড ক্যাপসিকাম
বেকড স্টাফড ক্যাপসিকাম
ক্যাপসিকামের ভিতরের সাদা অংশটি ফেলে দিয়ে ভাল করে ধুয়ে নিন। এ বার পুর তৈরি করে নিতে হবে। এক কাপের মতো রাজমা সেদ্ধ করে নিন। এ বার সেদ্ধ রাজমার সঙ্গে পেঁয়াজকুচি, টম্যাটোকুচি, কাঁচালঙ্কা, চাটমশলা ও অরিগ্যানো একসঙ্গে মেখে ক্যাপসিকামের ভিতর চেপে পুর ভরে দিন। উপরে সামান্য লো-ফ্যাট চিজ় ছড়িয়ে দিতে পারেন। অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৫ মিনিট বেক করুন। কড়ায় ঢাকা দিয়ে ভাপিয়েও করতে পারেন।
সাবুদানার ভাপা বড়া
সাবুদানার ভাপা বড়া
সাবুদানা আগে থেকে ভিজিয়ে রাখুন। জল ছেঁকে তার সঙ্গে সেদ্ধ আলু ও ভাজা বাদামের গুঁড়ো মিশিয়ে মেখে নিন। এ বার এতে কাঁচালঙ্কাকুচি, জিরেগুঁড়ো, ধনেপাতার কুচি, সামান্য নুন ও চাটমশলা মিশিয়ে মেখে নিন। এ বার তার থেকে ছোট ছোট গোলাকার বড়ার মতো গড়ে নিন। এটি তেলে না ভেজে ইডলি মেকার বা ভাপানোর পাত্রে রেখে ১২-১৫ মিনিট ভাপিয়ে নিন। ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।