Advertisement
E-Paper

বর্ষায় পচে যাচ্ছে কাঁচালঙ্কা! কী ভাবে রাখলে এক সপ্তাহের বেশি তাজা রাখা সম্ভব হবে?

লঙ্কা দীর্ঘদিন ধরে তাজা রাখাটাই সমস্যা। সহজেই লঙ্কা শুকিয়ে যায়। নষ্টও হয়ে যায় অল্প দিনে। দীর্ঘদিন লঙ্কা মজুত রাখতে চাইলে সঠিক উপায়ে সংরক্ষণ করতে হবে। জেনে নিন সে সব উপায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৭:৫২
Stop Green Chillies from Rotting in Monsoon, Best Home Remedies & Storage Tips

বর্ষার দিনে কাঁচালঙ্কা নষ্ট হবে না, কী ভাবে রাখবেন? ছবি: ফ্রিপিক।

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে কাঁচালঙ্কা খুব দ্রুত পচে যায়। কালো হয়ে যায়। সঠিক উপায়ে সংরক্ষণ না করলে বাজার থেকে কিনে আনার ২-৩ দিনের মধ্যেই লঙ্কা নষ্ট হতে শুরু করে। এখন কথা হল, রান্নায় লঙ্কা রোজই লাগবে। কিন্তু রোজ বাজারে গিয়ে লঙ্কা কিনে আনা তো সম্ভব নয়। যাঁরা সপ্তাহে একদিন বাজার করেন, তাঁরা একসঙ্গে অনেকটা কাঁচালঙ্কা কিনে আনেন। সেই লঙ্কাই ফ্রিজে রেখে রান্নায় দেওয়া হয়। কী ভাবে রাখলে কাঁচালঙ্কা দীর্ঘদিন টাটকা ও তাজা থাকবে, তা জেনে নেওয়া ভাল।

কাঁচালঙ্কা কী ভাবে রাখলে পচবে না?

প্রথমত, বাজার থেকে লঙ্কা কিনে এনে জলে ধুয়ে পাখার তলায় রেখে ভাল করে শুকিয়ে নিন। তার পর সেগুলির বৃ্ন্ত ছাড়িয়ে নিন। বৃন্ত সমেত লঙ্কা রেখে দিলে তা অল্প দিনেই শুকিয়ে নষ্ট হয়ে যায়।

একটি ঢাকা পাত্রে সেই বৃন্ত ছাড়ানো লঙ্কাগুলি রেখে দিন। লঙ্কা রাখার আগে পাত্রের নীচে একটি হালকা নরম কাপড় বিছিয়ে দেবেন। এ বার মুখ বন্ধ পাত্রটি অন্য আর একটি নরম কাপড়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। এই ভাবে রাখলে দীর্ঘদিন লঙ্কা তাজা থাকবে।

অ্যালুমিনিয়াম ফয়েলেও লঙ্কা রাখতে পারেন। অনেকেই বাড়িতে অ্যালুমিনিয়ামের ফয়েলে রুটি রাখেন বা টিফিন গুছিয়ে নিয়ে যান। তেমন ফয়েলে বৃন্তহীন লঙ্কা রাখুন। ভাল করে মুড়ে দিন তার দু’দিক। এর পর ফ্রিজে ঢুকিয়ে রাখুন।

বায়ুরোধক প্লাস্টিকের পাত্রের নীচে টিস্যু পেপার বিছিয়ে তাতেও রাখতে পারেন লঙ্কা। তবে আগে বৃন্ত ছাড়িয়ে নেবেন। এই উপায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাঁচালঙ্কা তাজা থাকবে।

অনেকটা লঙ্কা থাকলে তা বেটে রেখে দিতে পারেন। লঙ্কা ব্লেন্ডারে ব্লেন্ড করার সময়ে সামান্য নুন ও এক চামচ সর্ষের তেল বা ভিনিগার মিশিয়ে দিন। পেস্ট কাচের বয়ামে ভরে ফ্রিজে রাখলে ১-২ মাস ভাল থাকবে এবং নুন-তেল প্রিজ়ারভেটিভ হিসাবে কাজ করবে।

Green Chilli Kitchen Tips Food Preservations

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy