ছুটির দিনে বাড়ির খুদেরা ভাজাভুজি খাওয়ার আবদার করেছে, চটজলদি স্ন্যাক্স বানাবেন, ঠিক তখনই দেখলেন কৌটোয় বিস্কুটের গুঁড়ো নেই! ফিশ ফ্রাই হোক বা ডিমের ডেভিল, মুচমুচে ভাব আনার জন্য বিস্কুটের গুঁড়োই শেষ কথা নয়। হেঁশেলেই লুকিয়ে আছে এর একাধিক বিকল্প, যা দিয়ে স্বাদের সঙ্গে কোনও আপস না করেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো মুচমুচে ভাজাভুজি।
কর্নফ্লেক্স: ওজন ঝরাতে অনেকেই প্রাতরাশে দুধ-কর্নফ্লেক্স খান। কর্নফ্লেক্স হালকা গুঁড়ো করে নিয়ে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে ব্যবহার করতেই পারেন। মাছের ফ্রাই হোক কিংবা মাংসের পকোড়া, কর্নফ্লেক্স দিয়ে ভাজলে দারুণ মুচমুচে হয়।
আলুর চিপ্স: চপ কিংবা কাটলেটের গায়ে আলুর চিপ্স মাখিয়ে ভেজে নিলেও বেশ মুচমুচে হয়। বাজার থেকে চিপ্স কিনে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিন। এ বার গুঁড়ো করা চিপ্সগুলি কাটলেট বা চপের গায়ে ভাল করে মাখিয়ে ফ্রিজে রেখে দিন। তার পর ফ্রিজ থেকে বার করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে কাটলেট, চপ।
সুজি: বাড়িতে সুজি থাকলেও আপনি মুচমুচে পকোড়া বানাতে পারেন। বিস্কুটের গুঁড়ো না থাকলে সুজি ব্যবহার করে দেখতেই পারেন। মাছের তাওয়া ফ্রাই হোক কিংবা ভেজিটেবিল চপ— সুজি দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে স্ন্যাক্স।