টবে গাছ করার আগে কী ধরনের গাছ বাছবেন, সেটা ঠিক করা জরুরি। টবে গাছ করতে গেলে বীজ থেকে না করে গ্রাফ্টেড চারা ব্যবহার করতে পারেন। অথবা ডোয়ার্ফ ধরনের কমলালেবুর গাছের চারা লাগাতে পারেন।
একটু বড় টব নিতে হবে। ১৫ থেকে ২০ ইঞ্চির টবে এই গাছ করুন। শেকড়় নীচে যাওয়ার যত জায়গা পাবে, গাছ তত ভাল বাড়বে।
৪০ শতাংশ দোআঁশ মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার (গোবর সার বা কেঁচো সার) ও ২০ শতাংশ পাতা পচা সার বা কোকোপিট মেশাতে হবে। তার সঙ্গে ১০ শতাংশ বালি মিশিয়ে নিন। এর সঙ্গে কিছুটা হাড়ের গুঁড়ো, শিং কুচি বা সরষের খোল মেশাতে পারেন। এই ধরনের মাটিতে জলনিকাশি ভাল হয়। এ ছাড়া প্রতি বছর একবার এনপিকে (মিশ্র সার) ও গোবর জলে মিশিয়ে মাটিতে দিতে হবে। তবে এই সার দেওয়ার একটা অনুপাত আছে। সেটা স্থানীয় নার্সারি থেকে জেনে নিন। আর এই সার দিতে হয় গাছের গোড়া থেকে অন্ততপক্ষে ৬ ইঞ্চি দূরে। সেটা খেয়াল রাখবেন।
গাছে ফুল এলে কীটনাশক প্রয়োগ করতে হবে। কমলালেবু গাছে কিন্তু নানা রকম পোকা লাগার সম্ভাবনা থাকে। তাই কীটনাশক ও প্রয়োজনে ছত্রাকনাশক স্প্রে-ও ব্যবহার করা যায়। না হলে গাছে ফল ধরার আগেই গাছ নষ্ট হয়ে যাবে।
যেহেতু টবের গাছ, তাই ডালপালা বেশি বেড়ে গেলে একটু ছেঁটে দিতে হবে। এতে গাছ ভাল থাকবে। গাছে ফল ধরলে ভার্মিকম্পোস্ট দিতে পারেন। এতে ফলন ভাল হয়।