রেস্তরাঁয় গিয়ে বার্গার বা স্যান্ডউইচের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই চাই-ই-চাই খুদের। বার্গার, ফিশ ফ্রাই, স্যান্ডউইচ থালায় পড়ে থাকলেও সঙ্গে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাইগুলি কিন্তু নিমেষে উধাও হয়ে যায়। খুদের আবদার মেটাতে বাজার থেকে হিমায়িত ফ্রেঞ্চ ফ্রাই কিনে এনে বাড়িতে দু’মিনিটে তেলে ভেজে দেন কেউ কেউ। এগুলি কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়। বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেলে তা রেস্তরাঁর মতো মুচমুচে হয় না। কী ভাবে আনবেন ফ্রেঞ্চ ফ্রাইতে মুচমুচে ভাব?
১) ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলি কাটতে হবে একই মাপ করে। এক একটি টুকরো লম্বায় হবে আঙুলের মাপের, আর সেগুলি ১/২ ইঞ্চি পুরু হবে।
২) ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে আলু কেটে ১৫ মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে ভুলবেন না। জলে ভিজিয়ে রাখলে আলুতে থাকা স্টার্চ জলে মিশে যায়। সেই জন্য আলু ভেজানো জলে সাদা ফেনা ভেসে থাকে। আসলে সেগুলিই স্টার্চ। জলে থেকে তুলে ভাল করে ধুয়ে আরও ১০ মিনিট জলে ভিজিয়ে রাখুন।
৩) অনেকগুলি আলুর টুকরো একসঙ্গে ভাজলে সেগুলি একে অপরের সঙ্গে লেগে যেতে পারে। ঢিমে আঁচে অল্প অল্প করে আলু ভাজুন।
অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরির এই নিয়মটি জানেন না। ফ্রেঞ্চ ফ্রাই সব সময়ে দু’বার করে ভাজতে হয়। প্রথমে মাঝারি আঁচে এক বার হালকা করে ভেজে তুলে রাখুন। ঠান্ডা হয়ে এলে বেশি আঁচে আবার ভেজে নিন। একেবারে রেস্তরাঁর মতোই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে।