দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর মজাই আলাদা! এতে ঘরের শোভা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু তেল ঢালা, সলতে ভেজানো, তেল ছড়িয়ে যাওয়া— তেলের প্রদীপ জ্বালাতে ঝামেলা অনেক। রান্নাঘরে পড়ে থাকা সাধারণ জিনিস দিয়েই দীপাবলির আগে বানিয়ে ফেলতে পারেন এমন প্রদীপ যা দেখতে মোমবাতির মতো, জ্বলবে অনেকক্ষণ, আর ঘর ভরে যাবে সুগন্ধে।
উপকরণ:
৫-৬ টি ছোট সাদা মোমবাতি
১ কাপ সর্ষের তেল বা তিলের তেল
৮-১০ দানা কর্পূর
১০টি ছোট মাটির প্রদীপ
সামান্য রঙিন গ্লিটার (সাজানোর জন্য)
কী ভাবে বানাবেন?
একটি কড়াইয়ে তেল নিন। তার মধ্যে ৫-৬ টি মোমবাতি ভেঙে দিয়ে গরম করুন। মোম গলে তেলের সঙ্গে মিশে যাবে। তেল-মোম গলে গেলে এর মধ্যে ৮-১০ দানা কর্পূর দিয়ে দিন। কর্পূর গলে গেলেই সুন্দর গন্ধ বেরোবে। এটাই আসল ট্রিক, কর্পূর মেশালে ধোঁয়া কম হয় আর সুগন্ধ ছড়ায়। এবার ছোট মাটির প্রদীপগুলিতে আগে থেকেই সাদা সলতে বসিয়ে রাখুন চিমটে দিয়ে। তারপর গলানো তেল-মোমের মিশ্রণটি আস্তে আস্তে প্রদীপে ঢেলে দিন। তেল জমাট বাঁধার আগেই উপরে সামান্য নীল বা লাল গ্লিটার ছড়িয়ে দিন। দেখতে সুন্দর লাগবে। ঠান্ডা হলেই জমে গিয়ে তৈরি হয়ে যাবে তেল-প্রদীপ মোমবাতি। একটি মোমবাতি দিয়ে সবক’টি প্রদীপ জ্বালিয়ে নিন। টানা ৩-৪ ঘণ্টা জ্বলবে, তেল ছড়াবে না।