Advertisement
E-Paper

খাবার নিয়ে বায়না করে খুদে? না বুঝেই চেটেপুটে খাবে সয়াবিনের মুইঠ্যা, রইল সহজ প্রণালী

ঝাল, মিষ্টি ও টক স্বাদের পদ দেখেই চেটেপুটে খেয়ে নেয় খুদে? তা হলে বাড়িতেই বানিয়ে নিন সয়াবিনের মুইঠ্যা। না বুঝেই তৃপ্তি করে খেয়ে ফেলবে সন্তান। তা ছাড়া অতিথি আপ্যায়নে নিরামিষ পদ পরিবেশন করতে হলেও এই রান্নাটি উপযুক্ত হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১২:১৩
সয়াবিনের মুইঠ্যার রেসিপি।

সয়াবিনের মুইঠ্যার রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।

খাবার নিয়ে নানা বায়নাক্কা বাড়ির খুদে সদস্যটির? সয়াবিন দেখেই নাক সিঁটকানোর স্বভাব? তবে ঝাল, মিষ্টি ও টক স্বাদের পদ দেখেই চেটেপুটে খেয়ে নেয়? তা হলে বাড়িতেই বানিয়ে নিন সয়াবিনের মুইঠ্যা। না বুঝেই তৃপ্তি করে খেয়ে ফেলবে সন্তান। তা ছাড়া অতিথি আপ্যায়নে নিরামিষ পদ পরিবেশন করতে হলেও এই রান্নাটি উপযুক্ত হতে পারে। রইল সহজে সয়াবিনের মুইঠ্যা বানানোর প্রণালী।

উপকরণ

১০০ গ্রাম সয়াবিন

৫ টেবিলচামচ সর্ষের তেল

২ টেবিলচামচ বেসন

২ টেবিলচামচ আদা-কাঁচালঙ্কা বাটা

আধ চা-চামচ জিরেগুঁড়ো

আধ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ হলুদ

২ চিমচে গরমমশলার গুঁড়ো

আধ চা-চামচ কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো

আধ চা-চামচ চিনি

১টি তেজপাতা

১টি এলাচ

১টি ছোট দারচিনি

২ চিমটে গোটা জিরে

এক চিমটে হিং

১টি মাঝারি টম্যাটো

১টি বড় আলু

স্বাদমতো নুন

২টি কাঁচালঙ্কা

প্রণালী

একটি বড় পাত্রে বেশ খানিকটা জল ঢেলে নিন। তাতে আধ টেবিলচামচ নুন ঢেলে গরম করে নিন। তার পর তাতে ১০০ গ্রাম সয়াবিন দিয়ে দিন। এ বার ৪-৫ মিনিট ফুটিয়ে সয়াবিন সেদ্ধ করে নিন। তার পর জল থেকে তুলে সয়াবিনগুলি ঠান্ডা করে শুকিয়ে নিতে হবে। দরকারে সয়াবিন চিপে জল বার করে নিন।

মিক্সার গ্রাইন্ডারে সয়াবিনগুলি পিষে নিন। মিহি করার প্রয়োজন নেই, মাংসের কিমার মতো করে বেটে নিলেই হবে।

এ বার বেটে রাখা সয়াবিনগুলি আদা-কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো, গরমমশলার গুঁড়ো এবং বেসন মিশিয়ে দিন। হাতে ভাল করে মেখে নিতে হবে সব মশলা এবং সয়াবিন।

হাতে গোল গোল করে মণ্ড বানিয়ে নিতে হবে। দেখতে যেন চিতল মাছের মুইঠ্যার মতোই মনে হয়।

এ বার কড়াইয়ে তেল দিয়ে আঁচ বাড়িয়ে নিতে হবে। তেল ফুটতে শুরু করলে মুইঠ্যাগুলি ছেড়ে দিতে হবে। ততক্ষণে উনুনের আঁচ কমিয়ে মাঝারি করে নিয়ে হবে যাতে ভাল করে ভাজা হয়। দু’দিক ভাল করে সোনালি রং ধরলে মুইঠ্যাগুলি তুলে নিতে হবে।

বাকি তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন-হলুদ দিয়ে ভেজে নিন।

ওই কড়াইতেই তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে এবং হিং ফোড়ন দিয়ে ২০ সেকেন্ড ভেজে নিতে হবে। তার পর দিতে হবে টম্যাটোকুচি, আদা-কাঁচালঙ্কা বাটা। মিনিটখানেক কষানোর পর অল্প একটু জল দিতে হবে। এর পর সামান্য হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো আর চিনি মিশিয়ে দিন মশলায়। এতে কাঁচালঙ্কাও মিশিয়ে দিতে হবে।

মশলা কষানোর পর আলু মিশিয়ে দিতে হবে ৩-৪ মিনিট। এ বার ২ কাপ গরম জল ঢেলে দিতে হবে। স্বাদ মতো নুন-মিষ্টি দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ১০ মিনিট ঝোল ফুটতে দিন।

আলু প্রায় সিদ্ধ হলে, মুইঠ্যাগুলি ছেড়ে আরও ৩-৪ মিনিট ফুটতে দিতে হবে। তার পর গরমমশলার গুঁড়ো এবং সামান্য ঘি দিয়ে ফের ঢাকনা দিয়ে দিতে হবে। মশলাগুলি ভাল ভাবে ঝোলে মিশে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।

Soybean Bengali Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy