এক কাপ চায়ের সঙ্গে মনের মতো স্ন্যাক্স পেলে আর কী চাই! বর্ষাকালে বিকেল হলেই মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। সন্ধ্যায় সাবুর মুচমুচে পকোড়া পেলে মন্দ হয় না। কেবল উপোসের দিনেই নয়, সাবু হয়ে উঠতেই পারে আপনার বিকেলের টিফিন টাইমের দারুণ সঙ্গী। তবে সাবুর পকোড়া বানাতে গেলে অনেক ক্ষেত্রেই তা মুচমুচে হয় না! তখন খেতেও তেমন স্বাদ লাগে না। ভুলটা কোথায় হয় জানেন?
১) সাবু খুব বেশি ক্ষণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু তা অনেক বেশি নরম হয়ে যায়। খুব বেশি নরম সাবু দিয়ে বানালে পকোড়া কিন্তু মুচমুচে হবে না।
২) ভেজানোর পর সাবু থেকে জল সম্পূর্ণ ভাবে ঝরিয়ে নিতে হবে। না হলেই কিন্তু স্বাদ বিগড়ে যাবে পকোড়ার।
৩) পকোড়া বানাতে হলে সাবু মাখার সময়ে আলু দিতেই হবে। কিন্তু আলুর মাত্রা বেশি হয়ে গেলে মণ্ডটি বেশি নরম হয়ে যাবে, পকোড়া আর মুচমুচে হবে না।
৪) খুব চড়া আঁচে পকোড়া ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে। তাই মাঝারি আঁচে হাতে সময় নিয়ে পকোড়া ভাজুন।
৫) পকোড়ার জন্য সাবু মাখার সময়ে খুব বেশি ক্ষণ ধরে মাখলে কিন্তু মিশ্রণটি বেশি আঠালো আর নরম হয়ে যেতে পারে। সে ক্ষেত্রেও পকোড়া মুচমুচে হবে না।