পুজোর ক'টা দিন ডায়েট ভুলে একটু জমিয়ে খাওয়াদাওয়াই তো আসল আনন্দ! রেস্তোরাঁয় লাইন না দিয়ে এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন নবাবি স্বাদের বেরেস্তা-কিশমিশ মুরগি। এই পদটি ফ্রায়েড রাইস বা পরোটা, দুটোর সঙ্গেই জমে যাবে একেবারে। অল্প সময়, অল্প উপকরণ দিয়েই সেরে ফেলুন রান্না।
প্রণালী:
প্রথমে মুরগির মাংস নুন, টক দই আর বেরেস্তা ভাজা তেল দিয়ে খুব ভাল করে মেখে ঘণ্টা দুয়েক রেখে দিন। এ বার বেরেস্তা, খোসা ছাড়ানো কাঠাবাদাম আর কিশমিশ মিক্সিতে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে দিন। কড়াইয়ে তেল গরম করে আদা-রসুন-কাঁচালঙ্কাবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। একে একে মিশিয়ে দিন সব গুঁড়োমশলা আর নুন। মশলা থেকে তেল ছেড়ে এলে মেখে রাখা মাংস দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। ঢাকা দিয়ে রান্না করুন কিছুক্ষণ। মাংস আধসেদ্ধ হয়ে গেলে বেটে রাখা বেরেস্তার মিশ্রণ দিয়ে আরও ভাল করে কষিয়ে নিন। আঁচ একেবারে কমিয়ে ঢেকে ঢেকে রান্না করুন। কোনও ভাবেই জল দেবেন না। মাংস ভাল ভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইসের সঙ্গে।