তেতো দিয়ে খাওয়া শুরু করে বাঙালি। আর বাঙালির সেই প্রথম পাতের প্রিয় তেতো খাবার হল শুক্তো। বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশনের নিমন্ত্রণ, মধ্যাহ্নভোজের প্রথম পাতে শুক্তো থাকবেই থাকবে। রকমারি সব্জির সঙ্গে শুক্তোয় পড়ুক ছানার বড়াও। বদলাবে চেনা শুক্তোর স্বাদ। বানিয়ে ফেলুন ছানার বড়া দিয়ে দুধ-শুক্তো। রইল রেসিপি।
উপকরণ:
১ কাপ ছানা
১ কাপ দুধ
১ টেবিলচামচ ময়দা
১টি রাঙাআলু (ডুমো করে কাটা)
১টি কাঁচকলা (লম্বা করে কাটা)
১টি ছোট মাপের বেগুন (ডুমো করে কাটা)
২টি উচ্ছে
১ কাপ কুমড়ো (ডুমো করে কাটা)
১ কাপ পেঁপে (ডুমো করে কাটা)
১ চা-চামচ আদাবাটা
১ টেবিলচামচ পোস্তবাটা
১ চা-চামচ সর্ষেবাটা
১ টেবিলচামচ ঘি
স্বাদমতো নুন, চিনি
আধ চা-চামচ পাঁচফোড়ন
১টি তেজপাতা
১ চা-চামচ ভাজা পাঁচফোড়নগুঁড়ো
আধ কাপ সর্ষের তেল
প্রণালী:
একটি বড় পাত্রে ছানা নিয়ে খুব ভাল করে মেখে নিন। মিশ্রণে একটু আদাবাটা, নুন, চিনি আর পরিমাণমতো ময়দা দিয়ে খুব ভাল করে মেখে নিন। সর্ষের তেল গরম করে ছানার গোলা বানিয়ে বড়াগুলি লালচে করে ভেজে নিন। আলাদা আলাদা করে সব সব্জি ভেজে তুলে রাখুন। সেই তেলেই পাঁচফোড়ন, তেজপাতা, আদাবাটা ফোড়ন দিন। একে একে কুমড়ো, পেঁপে, কাচকলা, রাঙাআলু দিয়ে নাড়াচাড়া করুন। গরম জলে পোস্তবাটা, সর্ষেবাটা, নুন দিয়ে গুলে কড়াইয়ে ঢেলে দিন। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। সব্জি সেদ্ধ হয়ে এলে দুধ ঢেলে কম আঁচে ফুটতে দিন। এ বার ছানার বড়া, উচ্ছে, বেগুন দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। শেষে মিশিয়ে দিন চিনি। শেষে ঘি আর ভাজা পাঁচফোড়নগুঁড়ো ছড়িয়ে ঢেকে ২ মিনিট রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।