ঘরে মাছ, মাংস নেই? তা হলে চটজলদি সমাধান হল ডিম। ডিম শুধু পুষ্টিকর নয়, সুস্বাদুও বটে। ছোট থেকে বড়— সকলেরই পছন্দের তালিকায় থাকে এই খাবার। ডিম দিয়ে কষা, ভাপা, কালিয়া, কোর্মার পদ খেয়েছেন। এ বার বানিয়ে দেখুন এগ ঘি রোস্ট। রুটি-পরোটার সঙ্গে এই খাবার দারুণ জমবে। অতিথি আপ্যায়নেও এই খাবার কিন্তু বাজিমাত করতেই পারে।
উপকরণ:
৬টি ডিমসেদ্ধ
আধ চা-চামচ হলুদগুঁড়ো
২ টেবিল চামচ লেবুর রস
স্বাদমতো নুন
৫-৬টি গোটা শুকনোলঙ্কা
৫-৬টি কাজু
দেড় টেবিলচামচ গোটা ধনে
১ চা চামচ গোটা জিরে, গোলমরিচ, সর্ষে, পোস্ত
১ টেবিলচামচ তেঁতুলের ক্বাথ
৫-৬টি লবঙ্গ
৭-৬ কোয়া রসুন
১ চা-চামচ আদাকুচি
আধ কাপ পেঁয়াজকুচি
২-৪ টেবিলচামচ ঘি
৫-৬টি কারিপাতা
আধ চা-চামচ গুঁড়ো গুড় বা চিনি
আরও পড়ুন:
প্রণালী:
সেদ্ধ ডিমগুলি লম্বালম্বি কেটে অর্ধেক করে নিন। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ডিমগুলি ভেজে তুলে রাখুন। এ বার শুকনোলঙ্কা আর কাজু গরম জলে ভিজিয়ে রাখুন। একটি শুকনো তাওয়ায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত আর সর্ষে ভাল করে সেঁকে নিন। এ বার মিক্সিতে গোটা মশলা, রসুন, পেঁয়াজ, আদা, আর ভিজিয়ে রাখা কাজু-লঙ্কা, তেঁতুলের ক্বাথ আর নুন দিয়ে ভাল করে বেটে নিন। কড়াইয়ে ঘি গরম করে কয়েকটা কারিপাতা আর গোটা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা ডিমগুলি দিয়ে নাড়াচাড়া করুন। অল্প গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। ঢাকা খুলে আরও খানিকটা ঘি ছড়িয়ে পরিবেশন করুন এগ ঘি রোস্ট।