গোটা সপ্তাহ কাজ করে ক্লান্ত। এ দিকে একটা ছুটির দিন, বাইরে রেস্তরাঁয় গিয়ে খেতেও ইচ্ছে করছে না। প্রতিদিন সেই এক মাছ-ভাতও যে খুব ভালবেসে খান, তা-ও নয়। এই মাছ-ভাতই একটু অন্য ভাবে রান্না করে দেখা যেতে পারে তো? সেই পদ রান্না করতে কি খুব ঝক্কি পোহাতে হবে?
মালাইকারি বানাবেন বলে যে চিংড়ি মাছ কিনে রেখেছিলেন, সেই মাছ দিয়েই কম সময়ে, সহজেই বানিয়ে ফেলতে পারেন মালাই প্রন বিরিয়ানি। কী ভাবে বানাবেন? রইল তার রেসিপি।
উপকরণ:
৫০০ গ্রাম চাপড়া চিংড়ি
১ চা-চামচ জিরে
১টি জয়িত্রি
৫ গ্রাম গোটা গরমমশলা (দারচিনি, লবঙ্গ, এলাচ)
আধ কাপ পেঁয়াজবাটা
১ টেবিলচামচ আদাবাটা
স্বাদমতো নুন, চিনি
১ টেবিলচামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ গরমমশলার গুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
আধ কাপ ফেটানো দই
২ টেবিলচামচ নারকেলবাটা
আধ কাপ নারকেলের দুধ
৪টি চেরা কাঁচালঙ্কা
৩ কাপ দেরাদুন চালের ভাত
স্বাদমতো ঘি
পরিমাণ মতো সাদা তেল
২৫ গ্রাম ভাজা কাজু-কিশমিশ
৩ টেবিলচামচ বেরেস্তা
সামান্য কেশর
প্রণালী:
প্রথমে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিন। এ বার কড়াইয়ে গোটা গরমমশলা, জিরে, জয়িত্রি ফোড়ন দিয়ে পেঁয়াজবাটা, আদাবাটা, নুন, চিনি, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটানো টকদই, নারকেলবাটা, নারকেলের দুধ, নুন, চিনি আর সামান্য জল দিয়ে ফুটতে দিন। ফুটন্ত ঝোলে চিংড়ি মাছ আর চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। এ বার একটি হাঁড়িতে ঘি গরম করে ৮০ শতাংশ সেদ্ধ করা দেরাদুন চালের ভাত ছড়িয়ে দিন। এ বার মাছের টুকরোগুলি সাজিয়ে দিন। খানিকটা ঝোল ছড়িয়ে দিন। উপরে আবার ভাতের পরত দিন। শেষে উপর থেকেও আরও খানিকটা ঘি, দুধে গোলা কেশর, বেরেস্তা, ভাজা কাজু-কিশমিশ ছড়িয়ে দিন। হাঁড়ির ঢাকা বন্ধ করে মিনিট দশেক দমে বসান। তা হলেই তৈরি হয়ে যাবে মালাই প্রন বিরিয়ানি।