বাজারে গেলে আর কোনও মাছ আসুক বা না আসুক, রুই-কাতলা আসবেই। নিত্যদিন একই মাছ দিয়ে নতুন কী রান্না করা যায়, সেই ভাবনা সারাক্ষণ চলতে থাকে মাথায়। দই-কাতলা, কাতলার রসা না বানিয়ে এ বার রেঁধে ফেলুন স্মোকি ঘি কাতলা। রইল রেসিপি।
উপকরণ:
কাতলামাছের ৫টি পেটি
১ টেবিলচামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
আধ কাপ ফেটানো টকদই
১ টেবিলচামচ আদা-রসুনবাটা
৪-৫টি চেরা কাঁচালঙ্কা
১ টেবিলচামচ ছোলার ডাল
১ চা-চামচ গোটাজিরে
১ চা-চামচ মৌরি
৩টি শুকনোলঙ্কা
আধ চা-চামচ মেথি
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন, চিনি
৩ টেবিলচামচ ঘি
১ টুকরো কয়লা
প্রণালী:
প্রথমে ছোলার ডাল, মৌরি, জিরে, শুকনোলঙ্কা, মেথি শুকনো তাওয়ায় সেঁকে নিন। মিশ্রণটি ঠাণ্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন। এ বার মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টকদই, আদা-রসুনবাটা, চেরা কাঁচালঙ্কা, বানিয়ে রাখা গুঁড়োমশলা আর সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে মিনিট পনেরো রেখে দিন। একটি ননস্টিক পাত্রে ঘি গরম করে মশলা মাখানো মাছগুলি দিয়ে দিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে অল্প গরম জল আর চিনি মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। ঝোল শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি কয়লার টুকরো চিমটে দিয়ে ধরে গ্যাসে ভাল করে গরম করে নিন। ননস্টিক পাত্রের মাঝে একটি কাচের পাত্র রেখে তার উপর গরম কয়লাটি রাখুন। গরম কয়লার উপর থেকে ঘি দিয়ে পাত্রের ঢাকা বন্ধ করে দিন। মিনিট দশেক পরে ঢাকা খুলে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন স্মোকি ঘি কাতলা।