স্কুলের টিফিন হোক বা সন্ধ্যার জলখাবার কিংবা রাতে অন্য কিছু খেতে মন চাইলে চাউমিনের থেকে ভাল খাবার আর কী আছে! কারও বাদাম-আলু-ডিম দিয়ে তৈরি চাউমিন প্রিয়, কেউ আবার চিনা কায়দায় বানানো চাউমিন খেতে পছন্দ করেন। তবে, একটু অন্য রকম চাউমিন খেতে মন চাইনে, বানিয়ে ফেলতে পারেন থেচা চাউমিন। চিনা নয়, এ বার চাউমিনে দিন মরাঠি ‘ট্যুইস্ট’।
উপকরণ:
২৫০ গ্রাম মোটা চাউমিন (সেদ্ধ করা)
১০-১২ কোয়া রসুন
১/৪ কাপ বাদাম
৫-৬টি কাঁচালঙ্কা
১ টেবিল চামচ জিরে
স্বাদমতো নুন
আধ কাপ ধনেপাতাকুচি
১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ গোলমরিচ
১ টেবিল চামচ রসুনকুচি
পরিমাণ মতো সাদা তেল
১ টেবিল চামচ সয়া সস্
১ টেবিল চামচ গ্রিন চিলি সস্
প্রণালী:
প্রথমে কড়াইয়ে তেল গরম করে রসুন, জিরে, কাঁচালঙ্কা, বাদাম হালকা করে ভেজে নিন। এ বার মিক্সিতে মিশ্রণটি দিয়ে তার মধ্যে খানিকটা ধনেপাতাকুচি দিয়ে বেটে নিন। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই। কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে তাতে রসুন ফোড়ন দিয়ে সেদ্ধ করা চাউমিন আর নুন দিয়ে নাড়াচাড়া করুন। বানিয়ে রাখা থেচার মিশ্রণটি, সয়া সস্, চিলি সস্, গোলমরিচ, নুন আর লঙ্কাগুঁড়ো দিয়ে মিশিয়ে দিন। শেষে খানিকটা ধনেপাতাকুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি থেচা চাউমিন।