শীতের সব্জিতে বৈচিত্র থাকলেও, গরমকাল থেকেই একচেটিয়া রমরমা পটলের। চলে পুজো পর্যন্ত। আলু-পটলের তরকারি বা আলু-পটল মাছের ঝোল যতই জনপ্রিয় হোক, একই সব্জি খেতে খেতে একঘেয়েমি আসে। পটল ঝাল, পটল ভর্তাও খাওয়া হয়। এ বার বানিয়ে ফেলুন নতুন কিছু। বাহার আসুক সেই রান্নায়।
উপকরণ
৪টি পটল
আধ কাপ ভেজানো মুগের ডাল
আধ ইঞ্চি আদা বাটা
২-৩টি কাঁচালঙ্কা
১ চা-চামচ জিরে
আরও পড়ুন:
১টি তেজপাতা
১ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ ঘি
স্বাদমতো চিনি
১টি ছোট টম্যাটো কুচি
১ চা-চামচ গরমমশলা
প্রণালী: পটলের খোসা ছাড়িয়ে খাঁজ খাঁজ করে কেটে নিন। চাইলে অর্ধেক করেও পটল কেটে নিতে পারেন। নুন-হলুদ মাখিয়ে পটলটি হালকা ভেজে রাখতে হবে। মুগডাল অন্তত এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে যোগ করুন জিরে, তেজপাতা, কাঁচালঙ্কা। আদা এবং টম্যাটো দিয়ে কষিয়ে নিয়ে যোগ করতে হবে মুগডাল। ডাল নাড়াচাড়া করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যোগ করুন। অল্প একটু গরম জল দিয়ে সেটি সেদ্ধ হতে দিন। ডাল কিছুটা সেদ্ধ হলে ভাজা পটল দিয়ে নাড়াচাড়া করে নিন। যোগ করুন স্বাদমতো চিনি। ডাল-পটল মিলেমিশে গেলেই তৈরি হয়ে যাবে পটল বাহার। একদম শেষ ধাপে যোগ করুন ঘি এবং গরমমশলা।