খাজার মতো খানিকটা, থাকে পরতও, কিন্তু খাজা নয়। চিনির রসে ডোবানো হয় না। কর্নাটক-মহারাষ্ট্রে দীপাবলি বা সামাজিক অনুষ্ঠানে বানানো ঐতিহ্যবাহী মিষ্টি চিরোটি তৈরির কৌশল শেখালেন অভিনেত্রী সমীরা রেড্ডি। নিজে বানাননি অবশ্য। সেটি তৈরি করেছেন এক বৃদ্ধা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
এই মিষ্টিতে চিনি থাকে অল্প। নোনতা-মিষ্টির সমাহারে তৈরি খাস্তা চিরোটির জনপ্রিয়তাও যথেষ্ট। ভাজার পরে ছড়িয়ে দেওয়া হয়েছে চিনির গুঁড়ো। চিরোটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে এই খাবারকে বলা হয় 'ফেনি'। চাইলে এই দীপাবলিতে ছানা বা ক্ষীরের মিষ্টির বাইরে চিরোটিও বানিয়ে ফেলতে পারেন। কৌশল সহজ।
উপকরণ
৩ কাপ ময়দা
১ কাপ সুজি
১ কাপ চালের গুঁড়ো
১ কাপ ঘি
দেড় কাপ চিনির গুঁড়ো
চিরোটি খাচ্ছেন সমীরা রেড্ডি। ছবি: ইনস্টাগ্রাম।
এক চিমটে নুন
ভাজার জন্য তেল বা ঘি
কাঠবাদামকুচি
প্রণালী: ময়দা, সুজি, নুন মিশিয়ে নিন। যোগ করুন ঘি। অল্প করে জল দিয়ে দিয়ে ভাল করে ময়দা মেখে নিন। আধ ঘণ্টা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে রাখুন।
রুটির মতো লেচি কেটে ৫-৬টি রুটি বেলে নিন, তবে যতটা সম্ভব পাতলা করে।
একটি বাটিতে ঘি আর চালের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন।
রুটির উপরে ঘিয়ের মিশ্রণ দিয়ে আর একটি রুটি চাপান। এই ভাবে ঘিয়ের মিশ্রণ দিয়ে ৩-৪টি রুটি উপর উপর বসিয়ে দিন। ছুরির সাহায্যে ২-৩ ইঞ্চি চওড়া করে সেগুলি আড়াআড়ি কাটুন। তার পরে সেটি রোল করে হাতের চাপে চ্যাপ্টা করে তেলে ভেজে নিন। ঠান্ডা হলে চিনির গুঁড়ো এবং কাঠবাদামকুচি ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে চিরোটি।