Advertisement
E-Paper

সর্ষে-পোস্তর সুবাসে ভরা বরবটির তরকারি খেয়েছেন? খুব কম সময়ে রেঁধে ফেলুন সম্পূর্ণ নিরামিষ পদটি

বর্ষার দিনে সম্পূর্ণ নিরামিষ একটি পদ রেঁধে দেখতে পারেন। সর্ষে আর পোস্ত বাটার গন্ধে ভরা বরবটির তরকারির রেসিপি শিখে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১১:৪১
সর্ষে-পোস্ত দিয়ে বরবটির তরকারি।

সর্ষে-পোস্ত দিয়ে বরবটির তরকারি। ছবি: এআই সহায়তায় তৈরি।

বরবটি দেখলেই ভাজার কথা মনে হয়। আর নয়তো অন্য বাহারি পদের পার্শ্বচরিত্রের ভূমিকায় অবতীর্ণ হয়। তার বদলে বর্ষার দিনে সম্পূর্ণ নিরামিষ একটি পদ রেঁধে দেখতে পারেন। সর্ষে আর পোস্ত বাটার গন্ধে ভরা বরবটির তরকারির রেসিপি শিখে নিন। খুব কম সময়ে, কম উপকরণে রান্না হয়ে যাবে।

উপকরণ

৩০০ গ্রাম বরবটি

১টি বড় টম্যাটো কুচোনো

৫টি চিরে রাখা কাঁচালঙ্কা

২ টেবিলচামচ পোস্তবাটা

১ টেবিলচামচ সাদা সর্ষেবাটা

এক চিমটে কালোজিরে

আধ চা-চামচ হলুদগুঁড়ো

১টি শুকনোলঙ্কা

স্বাদমতো নুন

স্বাদমতো চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

১ কাপ জল

প্রণালী

প্রথমে বরবটিগুলি ভাল করে ধুয়ে কেটে নিতে হবে মাঝারি আকারে।

মাথায় রাখবেন, সর্ষে বাটার সময়ে অল্প নুন দিয়ে নিতে হবে, তা হলে স্বাদ বাড়বে রান্নার।

গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিন। তাতে তেল দিয়ে শুকনোলঙ্কা ও কালোজিরে ফোড়ন দিতে হবে।

প্রথমেই কেটে রাখা বরবটিগুলি তেলে ভাজতে দিয়ে দিন। তাতে নুন এবং হলুদগুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

বরবটিগুলি হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে কাঁচালঙ্কা মিশিয়ে দিন। চাইলে কাঁচালঙ্কা বাটাও দেওয়া যায় এর বদলে। তাতে ঝালটা চারদিকে আরও ভাল ভাবে ছড়িয়ে যেতে পারে।

এ বার তাতে টম্যাটোকুচি দিয়ে খানিক নাড়াচাড়া করতে হবে।

তার পর একে একে সর্ষেবাটা আর পোস্তবাটা মিশিয়ে দিন। ভাল করে বরবটির সঙ্গে মাখিয়ে নিতে হবে মশলাগুলি।

২ মিনিট মশলা ভাল করে কষিয়ে নিতে হবে। এ বার সর্ষেবাটা ও পোস্তবাটার পাত্র ধোয়া এক কাপ জল ঢেলে দিন কড়াইয়ে।

মাঝারি আঁচে ৫ মিনিট ফুটতে দিতে হবে। বরবটি দ্রুত সেদ্ধ হয়ে যায় বলে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তবে ঢাকনা দেওয়ার আগে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। প্রয়োজন পড়লে এই ধাপে অল্প নুনও দিতে পারেন।

আর এক বার নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। প্রস্তুত আপনার সর্ষে-পোস্ত দিয়ে বানানো বরবটির তরকারি।

Bengali Food Recipe Bengali Recipies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy