Advertisement
E-Paper

পটল পছন্দ না হলেও চেটেপুটে খাবেন এই নিরামিষ পদ, রেঁধে ফেলুন ঘিয়ের সুবাসে ভরা মুগ-পটল

শাকসব্জি দেখেও নাক সিঁটকান? কিন্তু পটলের বিশেষ এই পদ চেটেপুটে খাবেন। রেঁধে ফেলুন ঘিয়ের সুবাসে ভরা মুগ-পটল। ভাত ও রুটি, সব দিয়েই ভাল লাগে খেতে। রইল সহজ রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫
মুগ-পটলের রেসিপি।

মুগ-পটলের রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।

নিরামিষের দিনে ওই এক ডাল-ভাত বা পনির। আর মুখে রোচে না একঘেয়ে খাবার। এ দিকে শাকসব্জি দেখেও নাক সিঁটকান। কিন্তু পটলের বিশেষ এই পদ চেটেপুটে খাবেন। রেঁধে ফেলুন ঘিয়ের সুবাসে ভরা মুগ-পটল। ভাত ও রুটি, সব দিয়েই ভাল লাগে খেতে। রইল সহজ রেসিপি।

উপকরণ

৫০০ গ্রাম পটল

২টি মাঝারি আকারের আলু

২টি মাঝারি টম্যাটো (ছোট টুকরো করে কাটা)

আধ কাপ মুগ ডাল

৪ টেবিলচামচ সর্ষের তেল

১টি শুকনোলঙ্কা

২টি তেজপাতা

২টি ছোট এলাচ

ছোট দারচিনি

আধ টেবিলচামচ গোটা জিরে

দেড় ইঞ্চি আদা (গ্রেট করা)

আধ টেবিলচামচ হলুদগুঁড়ো

আধ টেবিলচামচ লঙ্কাগুঁড়ো

১ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

দেড় টেবিলচামচ জিরেগুঁড়ো

আধ টেবিলচামচ গরমমশলার গুঁড়ো

১ টেবিলচামচ ঘি

দেড় টেবিলচামচ চিনি

স্বাদমতো নুন

পরিমাণমতো জল

প্রণালী

পটল ও আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন। তার পর জল ঝরিয়ে রেখে দিন।

অন্য দিকে আধ কাপ ডাল কয়েক বার জলে ধুয়ে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিন।

এ বার কড়াই গরম করে তাতে ২ চামচ তেল গরম করে তাতে কেটে রাখা আলু এবং পটল ঢেলে দিন। সঙ্গে নুন এবং দু’চিমটে হলুদগুঁড়ো দিয়ে দিন।

উপকরণগুলি ভাল করে তেলে ভাজতে থাকুন। হালকা বাদামি হয়ে এলে বুঝবেন, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এ বার সেগুলি তুলে ফেলুন কড়াই থেকে।

একই কড়াইয়ে আবার ২ চামচ তেল দিয়ে তাতে শুকনোলঙ্কা, তেজপাতা, এলাচ এবং দারচিনি ফোড়ন দিন। ৫ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তাতে গোটা জিরে দিয়ে আবারও নাড়িয়ে নিন মশলাগুলি।

এ বার তাতে গ্রেট করা আদা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে তাতে টম্যাটোর টুকরো মিশিয়ে দিন। এই ধাপে অল্প একটু নুন দিতে পারেন, যাতে টম্যাটো নরম হয়ে যায়।

তার পর একে একে গুঁড়ো মশলাগুলি মিশিয়ে দিন কড়াইয়ে। একসঙ্গে সমস্ত গুঁড়ো ভাল করে কষিয়ে নিন ঢিমে আঁচে।

এর পর ভেজানো মুগডাল থেকে ভাল করে জল ঝরিয়ে কড়াইয়ে ঢেলে দিন। তার পর ৪-৫ মিনিট ধরে সময় নিয়ে ডালের সঙ্গে মশলাগুলি কষাতে থাকুন। ডাল থেকে সুবাস বেরোনো শুরু হবে।

এ বার পরিমাণমতো গরম জল দিতে হবে, যাতে ডাল সেদ্ধও হয়, আবার রান্নাটা মাখা মাখা হয়। স্বাদমতো নুন আর চিনি মিশিয়ে ঢিমে আঁচে ৬ মিনিট ধরে ঢাকা দিয়ে ফুটিয়ে নিন।

তার পর ঢাকনা খুলে ডালের মধ্যে ভেজে রাখা আলু ও পটল আর লঙ্কা মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, ডাল যেন গোটা থাকে, গলে না যায়। আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে।

সমস্ত উপকরণ ভাল করে সেদ্ধ হয়ে গেলে এতে গরমমশলা আর ঘি মেশাতে হবে।

ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে তার পর ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন মুগ-পটল।

Bengali Food Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy