রোগা হবেন বলে ভাত খাওয়া বন্ধ করেছেন। ছিপছিপে চেহারার স্বপ্নপূরণ করতে অনেকে আবার রুটিও মুখে তোলেন না। কারণ, রুটিতে ওজন কমানোর জন্য প্রয়োজনীয় প্রোটিন নেই। বরং পরিমাণে কম হলেও রুটিতে কার্বোহাইড্রেট এবং ক্যালোরি আছে। এই দু’টি উপাদান শরীরে প্রবেশ করলে ওজন বেড়ে যেতে পারে। ঠিক সেই কারণে ডায়েটে রুটিও রাখেন না অনেকে। তবে পুষ্টিবিদেরা জানাচ্ছেন রুটিও প্রোটিনের উৎস হতে পারে। যদি কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, তা হলে আর রোগা হওয়ার জন্য রুটি খাওয়া বন্ধ করে দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধু আটা মাখার সময় কিছু বদল করলেই হল। রইল ৩টি প্রোটিনে ভরপুর রুটির রেসিপি।
১) মিক্সিতে লো-ফ্যাট পনিরের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। সাধারণ আটার মধ্যে নুন আর পনিরের মিশ্রণটি দিয়ে ভাল করে মেখে নিন। আধ ঘণ্টা রেখে দিয়ে মণ্ডটি থেকে লেচি কেটে রুটি বানিয়ে নিন। তৈরি হয়ে যাবে প্রোটিন রুটি।
২) আধ কাপ গমের আটা, এক কাপ বেসন, এক চিমটে নুন, এক চামচ ঘি এবং পরিমাণ মতো জল মিশিয়ে মেখে মণ্ড তৈরি করে কিছু ক্ষণ রেখে দিন। রুটি তৈরি করার আগে মণ্ডে খানিকটা ঈষদুষ্ণ জল দিয়ে আরও এক বার মেখে নিন। এ বার লেচি কেটে গোল করে রুটির আকারে বেলে অল্প আঁচে সেঁকে নিলেই তৈরি প্রোটিনে ভরপুর রুটি।
৩) ওট্স গুঁড়ো করে নিন। এ বার খানিকটা জল গরম করে তাতে ১ টেবিলচামচ ঘি আর নুন মিশিয়ে দিন। এ বার বানিয়ে রাখা ওট্সের গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি মণ্ডের আকার নিলে ১০ মিনিট ঢেকে রাখুন। তার পর ঢাকা খুলে ভাল করে মেখে নিয়ে লেচি বানিয়ে নিন। এ বার রুটির মতো বেলে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ওট্সের প্রোটিন রুটি।