Advertisement
E-Paper

সকালের জলখাবারে সব্জি ও পনির দিয়ে বানিয়ে ফেলুন নরম, তুলতুলে রেশমি পরোটা, রইল সহজ রেসিপি

বাড়িতে থাকা বিভিন্ন সব্জি ব্যবহার করা যায় এই পরোটায়। ফলে শুধু স্বাদের জন্য নয়, রোজের খাবারে সব্জি ও প্রোটিনের উৎস যোগ করার জন্য ভাল বিকল্প হতে পারে রেশমি পরোটা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ২০:০৪
রেশমি পরোটা বানানোর রেসিপি।

রেশমি পরোটা বানানোর রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।

সকালের জলখাবারে গরম গরম পরোটা আর সঙ্গে আলুর তরকারি বা আচার— এই জুটির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই। তবে একই ধরনের পরোটা খেতে খেতে একঘেয়ে লাগলে স্বাদে বদল আনতে পারেন। ময়দা বা আটার পরোটার সঙ্গে পনির ও নানা রকম সব্জি মিশিয়ে তৈরি করে ফেলুন রেশমি পরোটা। নরম পরোটার সঙ্গে পনিরের মোলায়েম ভাব আর সব্জির স্বাদ, সব মিলিয়ে জমে যাবে সকাল বা সন্ধ্যার জলখাবার। এই পরোটার আর একটি সুবিধা হল, বাড়িতে থাকা বিভিন্ন সব্জি ব্যবহার করা যায়। ফলে শুধু স্বাদের জন্য নয়, রোজের খাবারে সব্জি ও প্রোটিনের উৎস যোগ করার জন্যও এটি ভাল বিকল্প হতে পারে।

উপকরণ

আধ কাপ লাউয়ের টুকরো

দেড় কাপ আলুর টুকরো

১০০ গ্রাম পনির

দেড় কাপ ময়দা

আধ চা-চামচ গোলমরিচ

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ চাটমশলা

আধ চা-চামচ মৌরি

১ টেবিলচামচ থেঁতো করা কসৌরী মেথি

৫০ মিলিলিটার জল

পরিমাণমতো ঘি

প্রণালী

লাউ ও আলু প্রেশার কুকারে জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তিনটি সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তার পর ঠান্ডা হওয়ার পর সেদ্ধ লাউ, আলু, পনির দিয়ে ব্লেন্ডারে ভাল করে পিষে নিন। মিহি ও মসৃণ একটি পেস্ট তৈরি হবে।

ওই মিশ্রণে এ বার ময়দা মিশিয়ে দিন। তার সঙ্গে ঢেলে দিন গুঁড়োমশলাগুলি। এতে মিশবে থেঁতো করা মেথি এবং মৌরিও। ময়দা ও মশলা খুব ভাল করে হাতে মেখে নিতে হবে। মণ্ডটি যেন যথেষ্ট নরম হয়। আলাদা করে জলের প্রয়োজন নেই খুব একটা। কারণ, লাউ, আলু ও পনিরের পেস্ট থেকেই যথেষ্ট জল পাওয়া যাবে। তবে তার পরেও প্রয়োজন পড়লে অল্প জল যোগ করা যেতে পারে।

এ বার লেচি কেটে পাতলা করে বেলে নিন। অল্প ময়দা ছড়িয়ে মাখলে আঠালো ভাব কেটে যাবে।

তার পর তাওয়া মাঝারি আঁচে গরম করে তাতে পরোটা সেঁকে নিন। এক বিন্দু ঘি ছড়িয়ে দিলে স্বাদ ও ঘ্রাণ আরও বৃদ্ধি পাবে। দু’দিকে সোনালি রং ধরলে পরোটা তুলে ফেলুন।

এ ভাবেই সমস্ত লেচি বেলে নিয়ে পরোটা সেঁকে নিন গরম তাওয়ায়।

Paratha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy