একই বাড়িতে উত্তর ভারত, দক্ষিণ ভারত, সিন্ধ্রি, মরাঠি- সব রকমের সংস্কৃতির মেলবন্ধন দেখতে পাওয়া যাবে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে। ফলে গোটা ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রান্নার চল রয়েছে তাঁর বাড়িতে। কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রিয় খাবার কোনটি? বিবেকের উত্তর, ‘‘মায়ের হাতে বানানো বিসি বেলে বাথ। এটিই সেরা। কেউ এত ভাল বানাতে পারেন না।’’
কর্নাটকের ঐতিহ্যবাহী পদগুলির মধ্যে অন্যতম এই বিসি বেলে বাথ। অনেকেই বাঙালির খিচুড়ির সঙ্গে এর তুলনা করে ফেলেন বটে, কিন্তু দু’টির মিল বড়ই কম। একই পাত্রে রান্না করা হয় এটি। চাল ও ডাল মূল উপকরণ হলেও এর সঙ্গে নানা ধরনের মশলা পড়ে। আর সে সব না মিশলে বিসি বেলে বাথ তৈরিই হয় না। জেনে নিন কী ভাবে রাঁধবেন।
আরও পড়ুন:
উপকরণ
১ কাপ চাল
আধ কাপ অড়হর ডাল
৪ কাপ জল
১টি গাজর
১৫টি বিন্স
১টি আলু
আধ কাপ কড়াইশুঁটি
১টি পেঁয়াজ
১টি টম্যাটো
১ টেবিলচামচ তেঁতুল
২-৩ টেবিলচামচ বিসি বেলে বাথ মশলা
১ চা-চামচ গুড়
২ টেবিলচামচ ঘি
১ চা-চামচ সর্ষে
১ চা-চামচ গোটাজিরে
১০টি কারিপাতা
২টি শুকনোলঙ্কা
এক চিমটে হিং
৮টি কাজুবাদাম
স্বাদমতো নুন
প্রণালী
বিসি বেলে বাত মশলা বানানোর জন্য পরিমাণ মতো গোটা ধনে, জিরে, বেশি করে শুকনোলঙ্কা, শুকনো নারকেল, মেথি, হিং, এলাচ শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়িয়ে নিতে হয়। তার পর সেই মশলা থেকে ২-৩ টেবিলচামচ এই রান্নায় প্রয়োজন।
প্রথমে চাল ও ডাল ভাল করে ধুয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিন। সঙ্গে দিন জল এবং সব্জিগুলি। ৩টি সিটি দেওয়ার পর ঢাকনা খোলার জন্য অপেক্ষা করুন। এ বার তাতে তেঁতুল, বিসি বেলে বাথ মশলা, গুড় এবং নুন মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। এ বার গলাভাতের মতো বানানোর জন্য প্রয়োজনীয় গরম জল ঢেলে দিন। ঢিমে আঁচে খানিক ক্ষণ রান্না করে নিন।
অন্য দিকে, কড়াইয়ে ঘি গরম করে তাতে সর্ষে, জিরে, কারিপাতা, শুকনোলঙ্কা, হিং, কাজুবাদাম ফোড়ন দিয়ে দিন। কাজুগুলি সোনালি রং ধরার সঙ্গে সঙ্গে আঁচ বন্ধ করে ভাতের মিশ্রণের উপর ঢেলে দিন ফোড়নটি।
প্রস্তুত হয়ে গেল আপনার বিসি বেলে বাথ। কেউ আলুভাজা, কেউ বা পাপড় ভেজে এর সঙ্গে খেতে ভালবাসেন।